২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, শিশু অক্ষত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মধ্যে সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2022, 01:25 PM

Updated : 02 Aug 2022, 02:58 PM

মঙ্গলবার সকাল ১০টার দিকে বালিগাঁও-টঙ্গীবাড়ি-ঢাকা সড়কের উপজেলার তুলাকাই এলাকায় এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা আলী সোয়েব।

নিহতরা হলেন মাদারীপুরের চরভদ্রাসন উপজেলার ভদ্রাসন গ্রামের বাসিন্দা আরিফ হোসেনের স্ত্রী পুতুল আক্তার (২০) ও তার মা শিউলী বেগম (৪০)।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেন, আরিফ নারায়ণগঞ্জে ব্যবসা করেন। সকালে রিজার্ভ অটোরিকশায় করে শিউলি, পুতুল ও পুতুলের দুই বছরের মেয়ে আনিসা আক্তার শিমুলিয়ায় যাচ্ছিল। পথে খালি ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারী মারা যান।

“শিশুটি তার মায়ের কোলে ছিল। কিন্তু সে বেঁচে গেছে। তার তেমন গুরুতর কিছু হয়নি।“ 

ওসি জানান, দুর্ঘটনার কারণে সড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রাকটির চালক বাবলু মিয়াকে (৩৮) আটক করা হয়েছে। তার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার আকবরনগর গ্রামে বলে জানান পুলিশ কর্মকর্তা।