বাগেরহাটে অটোভ্যান-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ২
বাগেরহাট সদরে ডাম্প ট্রাকের সংঘর্ষে অটোভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার বৈটপুর এলাকায় বাগেরহাট-পিরোজপুর সড়কে এ দুর্ঘঘটনা ঘটে বলে বাগেরহাট মডেল থানার এসআই মো. তারিকুল ইসলাম জানান।
নিহতরা হলেন- বাগেরহাটের কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের মিজানুর রহমান বাঘা (৫৫) ও একই উপজেলার দোবাড়িয়া গ্রামের তৈয়বুর রহমানের ছেলে অটোরিকশার চালক লুৎফর রহমান (৬২)।
আহত যাত্রীর নাম রাসেল। তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।
এসআই বলেন, সোমবার বেলা পৌনে বারোটার দিকে বাগেরহাট থেকে পিরোজপুরগামী একটি ডাম্প ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারী চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ভ্যানের যাত্রী মিজানুর রাস্তার উপরে ছিটকে পড়লে ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে মিজানুরকে আহত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডাম্প ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তারিকুল।
বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক ডা. মাঞ্জুরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে অটোচালক লুৎফরকে মৃত অবস্থায় পেয়েছি। রাসেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শঙ্কামুক্ত আছে।”
