আনসারে নিয়োজিত ৬২ হাজার সদস্য: মহাপরিচালক
দেশে সরকারি-বেসরাকরি বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তার কাজে আনসার বাহিনীর প্রায় ৬২ হাজার সশস্ত্র সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।
বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে রোববার সকালে আনসারদের মৌলিক প্রশিক্ষণের (৩য় ধাপের) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা জানান বাহিনী প্রধান।
কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।
প্রশিক্ষণে অংশ নিয়ে মহাপরিচালক বলেন, বিমান বন্দর, সমুদ্র বন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, জাতীয় সংসদ ভবন, মেট্রোরেল, পদ্মা বহুমুখী সেতু, হোটেল, মোটেল, ইপিজেডসহ গুরুত্বপূর্ণ সাড়ে চার হাজারের অধিক প্রতিষ্ঠানের নিরাপত্তায় প্রায় ৫৪ হাজার আনসার সদস্য দায়িত্ব পালন করেন।
এছাড়াও ৪৯২ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে এই বাহিনীর আরও আট হাজার সশস্ত্র সদস্য দায়িত্ব পালন করছেন, বলেন মহাপচিালক।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ বাহিনী দেশের শৃঙ্খলা রক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে প্রশংসনীয় অবদান রাখছে। জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন, বিভিন্ন ধর্মীয় উৎসব, ঈদ, দুর্গাপূজা, বিশ্ব ইজতেমা, বর্ষবরণ অনুষ্ঠান, বাণিজ্য মেলা, বই মেলা, রেল স্টেশন ও কোভিড-১৯-এর বিশেষায়িত হাসপাতালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা এবং মহানগরী এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে।
এক হাজার তিন জন প্রশিক্ষণার্থীর মধ্যে ড্রিল-এ দিনাজপুরের মো. মামুন রশিদ, ফায়ারিংয়ে রাজশাহীর মো. সুজন সরকার শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন।
সব মিলিয়ে চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার অর্জন করেন রংপুরের মো. জাকারিয়া হক।
বক্তব্য শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠ প্রশিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
