২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে তিনদিনের বইমেলা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ক্লাবের আয়োজনে তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2022, 02:43 PM

Updated : 02 Aug 2022, 02:57 PM

রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর প্রাঙ্গণে বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও কথা সাহিত্যিক জুলফিকার মতিন এ মেলার উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে জুলফিকার মতিন বলেন, “চিন্তার উন্মেষের মধ্য দিয়েই আমাদের সমাজ, পরিবার, রাষ্ট্র এগিয়ে চলছে। এই চিন্তার উন্মেষ বা প্রকাশ বইয়ের মধ্য দিয়েই সবচেয়ে বেশি বিকশিত হয়ে থাকে। সাহিত্য আমাদের চেতনাকে সমৃদ্ধ করতে সাহায্য করে এবং বিজ্ঞান আমাদের জীবন যাপনের সঙ্গে মিলেমিশে আছে। তাই সাহিত্য ও বিজ্ঞান অঙ্গাঙ্গিভাবে জড়িত।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম বলেন, “শুরুতেই আমি ভাষা আন্দোলনের মাসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। সায়েন্স ক্লাবের এই বইমেলার আয়োজন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমি আশা করি এই উদ্যোগের ফলে বাংলাদেশ, বাংলাদেশের সাহিত্য ও শহীদের বিষয়ে সবাই সম্যক ধারণা লাভ করবে এবং নিজেদের জ্ঞানকে সমৃদ্ধি করতে পারবে।”

বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসান জানান, তিন দিনব্যাপী এই বইমেলার আয়োজনে মোট ৫টি স্টল রাখা হয়েছে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে।

তিনি আরও বলেন,“এই আয়োজনের মূল উদ্দেশ্যই হলো শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একাডেমি বইয়ের বাইরে বিভিন্ন ধরনের বিজ্ঞান ও সাহিত্য পাঠে আগ্রহ বৃদ্ধি করা। যেহেতু রাজশাহীতে বৃহৎ পরিসরে কোনো বইমেলার আয়োজন হয় না; তাই আগামীতে ক্যাম্পাসে বৃহত্তর পরিসরে অন্যান্য স্বনামধন্য প্রকাশনীদের উপস্থিতিতে  আয়োজন করতে চাই।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. বাবুল ইসলাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারিকুল ইসলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আবু রেজা ও সায়েন্স ক্লাবের সভাপতি ইসতেহার আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব তৃতীয়বারের মতো এই বইমেলার আয়োজন করেছে। এর আগে তারা ২০১৯ সালে প্রথম বইমেলার আয়োজন করে। মহামারির কারণে গতবছর তাদের এ কার্যক্রম বন্ধ রাখা হয়।