২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

কিশোরকে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

রাজশাহীর পুঠিয়ায় চুরির অপরাধে এক কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়েছে।

রাজশাহী প্রতিনিধি

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2022, 12:01 AM

Updated : 25 Oct 2022, 10:15 AM

বুধবার ভালুকগাছি ইউনিয়নের গোটিয়া গ্রামের এই ঘটনা ঘটে। শনিবার ওই কিশোরের বাবা মামলা করার পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা হলেন গোটিয়া গ্রামের আব্দুল বারিক, বিদ্যুৎ কুমার ও জিতেন ধর।

নির্যাতনের শিকার ১৭ বছর বয়সী ওই কিশোর উপজেলার ভালুকগাছি ইউনিয়নের টোনাপাড়া গ্রামের বাসিন্দা। তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে ভালুকগাছি ইউনিয়নের গোটিয়া গ্রামের আদিবাসী পাড়ায় এ নির্যাতনের ঘটনা ঘটে। শনিবার সকালে নির্যাতনের ১ মিনিট ৩৫ সেকেন্ডের একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

ভালুকগাছি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শাহিনুর রহমান বলেন, এই গ্রামের আদিবাসীরা প্রতিদিন সকালে মাঠে কাজে চলে যায়। সে সুবাদে গত বৃহস্পতিবারও তারা ঘরে তালা লাগিয়ে কাজে বের হয়। দুপুরের দিকে আদিবাসী পরেশ সর্দার বাড়ি এসে দেখতে পান তার ঘরের দরজার তালা ভাঙা। সে সময় এক কিশোর তার বাড়ি থেকে দৌড়ে পালাতে থাকলে পরেশ সর্দার চোর পালাচ্ছে বলে চিৎকার করেন।

“তার চিৎকারে মাঠে কাজ করা কয়েকজন গ্রামবাসী ওই কিশোরকে আটক করেন এবং পরে হাত-পা বেঁধে কয়েকজন মিলে নির্যাতন করেন।”

নির্যাতনের শিকার কিশোরের বাবা বলেন, বৃহস্পতিবার তার ছেলে গোটিয়া গ্রামে এক আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। সে সময় কিছু লোকজন তাকে চোর বলে আখ্যা দিয়ে হাত-পা বেঁধে এলোপাতাড়ি পেটাতে থাকে।

“এতে সে গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা করাচ্ছি।”

পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, সকালে ওই কিশোরের বাবা থানায় এসে তিনজনের নামে একটি মামলা দায়ের করেছেন। নির্যাতনের ভিডিও দেখে চিহ্নিত করে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সেই সঙ্গে নির্যাতনের শিকার ছেলেটিকে চিকিৎসার জন্য পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।