২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে মাহিন্দ্র উল্টে যুবক নিহত

মাদারীপুরে সড়কের উপর একটি মাহিন্দ্র উল্টে এক যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাদারীপুর প্রতি‌নি‌ধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2022, 10:51 PM

Updated : 02 Aug 2022, 02:56 PM

শুক্রবার বেলা সাড়ে ১১টার দি‌কে ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর টেক্সটাইল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ হাওলাদার (২০) রাজৈর উপজেলার টেকেরহাট পূর্ব স্বরমঙ্গল গ্রামের আব্দুল হাওলাদারের ছেলে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের ওসি আব্দুল আল মামুন জানান, একটি গাড়ির ইঞ্জিন মেরামত করার জন্য টেকেরহাট থেকে মাহিন্দ্রতে করে মস্তফাপুর যাচ্ছিলেন সাঈদ।

“মস্তফাপুর টেক্সটাইল মিলের দ্বিতীয় গেটের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।”

তিনি জানান, এ ঘটনার পর মাহিন্দ্র চালককে খুঁজে পাওয়া যায়নি। নিহত আবু সাঈদ টেকেরহাট বন্দরের তেলের পাম্পের পাশে একটি গাড়ির গ্যারেজে ইঞ্জিন মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় রাস্তা উঁচু-নিচু থাকার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় আছড়ে পড়ে। এতে একজন মারা যান।

“আমরা ঘটনাস্থল থেকে মরদেহ ও দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রাটি উদ্ধার করেছি।”

পুলিশ মাহিন্দ্রাটি জব্দ করেছে। মরদেহ মাদারীপুর সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।