২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে বসতঘরে অগ্নিকাণ্ড, শিশুর মৃত্যু

গাজীপুরের টঙ্গীর একটি বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2022, 09:06 PM

Updated : 02 Aug 2022, 02:57 PM

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে টঙ্গীর পাগার ঝিনুমার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা আগুনে পুড়ে যাওয়া কক্ষ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

নিহত আব্দুর রহমান (৮) ময়মনসিংহ নগরীল কোতোয়ালি থানার চক শ্যামরামপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে। সে স্থানীয় আল কাউসার তাহমিজুল কোরআন মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষার্থী ছিলে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, বিকালে পাগার এলাকার সাদেক আহমেদের টিনশেড বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

“পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনে ক্ষতিগ্রস্ত ঘর থেকে পুড়ে যাওয়া শিশু জাবেদের মরদেহ উদ্ধার করেন।”

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত শিশুর বাবা জয়নাল আবেদিন বলেন, দুপুর ২টায় খাবার খেয়ে রিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে যান তিনি। দুর্ঘটনার কিছুক্ষণ আগে চার বছর বয়সী ছোট ছেলে ওবায়দুল্লাহকে নিয়ে বাসার বাইরে যান তার স্ত্রী জোবায়দা। ওই সময় ঘরে  ঘুমাচ্ছিল আট বছর বয়সী বড় ছেলে আব্দুর রহমান ও সাত বছর বয়সী মেজ ছেলে খালেদ সাইফুল্লাহ।

“হঠাৎ ঘরে আগুন লাগলে পাশের ঘরের এক বৃদ্ধ মহিলা মেজ ছেলে খালেদ সাইফুল্লাহকে টেনে বের করে আনেন। আর ঘরের ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায় বড় ছেলে আব্দুর রহমান।”

টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ বলেন, মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।