২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে স্ত্রীকে হত্যা ও লাশ পুঁতে রাখার অভিযোগ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্ত্রীকে হত্যা করে মরদেহ মাটিতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2022, 08:02 PM

Updated : 02 Aug 2022, 02:57 PM

শুক্রবার নওপাড়া ইউনিয়নের শিকদার কান্দি গ্রাম থেকে ১৮ বছর বয়সী এই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয় বলেন নড়িয়া থানার এসআই মো. শহীদুল ইসলাম জানিয়েছেন।

ঘটনার পর থেকে মেয়েটির স্বামী ও শ্বশুর-শাশড়ি পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

এই গৃহবধূর বাবার বাড়ি নওপাড়া ইউনিয়নের শিকদার কান্দি এলাকায়।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

এসআই শহীদুল জানান, প্রেমের পরিণতি হিসেবে ২২ দিন আগে নড়িয়ার চরআত্রা গ্রামের কাসেম কবিরাজের ছেলে কালু কবিরাজের সঙ্গে একই উপজেলার নওপাড়া ইউনিয়নের শিকদার কান্দি গ্রামের এই মেয়ের (১৮) বিয়ে হয়।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কয়েকদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহের জের ধরে ঝগড়া হচ্ছিল। বৃহস্পতিবার রাত ৯টার দিকেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

“এরপর স্ত্রীকে নিয়ে বাইরে চলে যান স্বামী কালু কবিরাজ।”

শহীদুল বলেন, শুক্রবার দুপুরে নওপাড়ার শিকদার কান্দি এলাকার একটি বাগানের পাশে সদ্য মাটিকাটা এবং পাশে একটি লাল কাপড় টানানো দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর তারা নড়িয়া থানায় খবর দেয়।

পুলিশ মাটি সরিয়ে লাশ উত্তোলন করে শুক্রবার বিকালে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।

“ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে ওই নারীর সঙ্গে কী হয়েছিল। মরদেহের গলার বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। তবে স্বামী স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রেখেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনার পর স্বামী, শ্বশুর ও শাশুড়ি পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।