দখল-দূষণে বিপন্ন মানিকগঞ্জ শহর খাল
দখল-দূষণ আর আবর্জনায় মানিকগঞ্জ শহরের উপর দিয়ে বয়ে যাওয়া পুরনো খালটি যেন ভাগারে পরিণত হয়েছে।
খালের জায়গা দখল করে বাসাবাড়ি, দোকানপাট গড়ে তোলা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির শৌচাগারের বর্জ্য পড়ছে এই খালে। আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পরিবেশ অস্বাস্থ্যকর করে তুলছে।
কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না নিলে এবং এভাবে চলতে থাকলে এক সময় এই খালটি মানচিত্র থেকে মুছে যাওয়ার শঙ্কা রয়েছে।
খালের পাড়ের বাসিন্দা ও মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়োর ছানুসহ স্থানীয় প্রবীণ ব্যক্তিরা জানান, মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা এলাকায় কালীগঙ্গা নদী থেকে খালটির উৎপত্তি। এরপর তা পৌরসভার নয়াকান্দি এলাকায় পুনরায় ওই নদীতে মিশেছে। খালের দুই পাশ ঘিরে গড়ে উঠেছে জেলা শহর। শত বছরের বেশি পুরাতন এই খালটি জেলার ঐতিহ্য বহন করে আসছে।
“দিন দিন দুই পাড় দখলে খালটি সরু হয়ে পড়ে। দুই যুগ আগেও খালে স্বাভাবিক পানি প্রবাহিত হতো। তবে এসব এখন শুধুই স্মৃতি।”
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা গেছে, জেলা শহরের খালপাড় থেকে বাজার সেতু পর্যন্ত খালের দক্ষিণ পাড় ঘেঁষে বাড়িঘর, দোকানপাট ও বিপণিবিতান নির্মাণ করা হয়েছে। এসব দোকানপাট ও বিপণিবিতান থেকে পাইপের মাধ্যমে খালে পয়ঃবর্জ্য ফেল হচ্ছে। পলিথিনসহ ময়লা-আবর্জনা ফেলে খাল ভরাট হতে যাচ্ছে।
স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘উত্তরণ’-এর সভাপতি বিমল রায় বলেন, খাল দখল ও পাড় ঘেঁষে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর তৈরি করায় খালটি দিন দিন সরু হয়ে পড়েছে। এসব ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির শৌচাগারের মলমূত্র পাইপের মাধ্য খালে ফেলা হচ্ছে। এতে আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পরিবেশ অস্বাস্থ্যকর হচ্ছে। খালটি খনন করা না হলে অল্প সময়ে খালটি বিলুপ্ত হয়ে পড়বে।
সৌন্দর্যবর্ধনের জন্য শহর বাজার সেতু থেকে সরকারি মহিলা কলেজ এলাকা পর্যন্ত খালের দক্ষিণ পাড়ে পাঁচ ফুঁট প্রশস্ত ফুটপাত ও বেশ কয়েকটি বসার আসন নির্মাণ করা হয়।
২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত এই প্রকল্পে ১৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার টাকা ব্যয় করা হয়।
এ ব্যাপারে কথা হলে মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. বেল্লাল হোসেন বলেন, “খালের পাড় ঘেঁষে বিভিন্ন পাকা দোকানপাট ও বিপণিবিতান গড়ে ওঠেছে। কেউ কেউ খালের জায়গা দখল করেও এসব স্থাপনা নির্মাণ করেছেন। সম্প্রতি খালের জায়গা উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।”
স্থানীয় পরিবেশ আন্দোলনের নেতা দীপক কুমার ঘোষ বলেন, “খালটি রক্ষায় শুধু বিপুল পরিমাণ অর্থই ব্যয় করা হয়েছে। এর সুফল পৌরবাসী খুব একটা পায়নি। খালের জায়গা পুরোপুরি দখলমুক্ত করে খালটি যথাযথ পুনঃখনন করতে হবে। এতে খালের পানি প্রবাহের ব্যবস্থা করে জেলা শহরের পরিবেশ ও সৌন্দর্য বাড়ানো যেতে পারে।”
এ ব্যাপারে মানিকগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র মো. রমজান আলী বলেন, খালটি রক্ষায় এর পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ স্থানীয় সরকার বিভাগ থেকে একটি প্রকল্পের মাধ্যমে খাল খনন ও খালের ওপর তিনটি ছোট সেতু নির্মাণ করা হবে।
