২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুকনগরে সড়কের পাশে স্থাপনা: খুলনা জেলা পরিষদ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব চরমে

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে যতীন-কাশেম সড়কে জেলা পরিষদের স্থাপনা নির্মাণের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2022, 10:38 AM

Updated : 02 Aug 2022, 02:57 PM

‘অপ্রীতিকর ঘটনা’ এড়াতে সেখানে শতাধিক পুলিশ মোতায়ন করা হয়েছে বলে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, জেলা পরিষদ বৃহস্পতিবার সকালে ওই সড়কের সীমানা নির্ধারণ ও স্থাপনা নির্ধারণ করতে গেলে চুকনগরের ব্যবসায়ীরা জড়ো হয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন। তাতে জেলা প্রশাসনের কাজ বন্ধ হয়ে যায়।

জেলা পরিষদের কর্মকর্তারা বলছেন, যতীন-কাশেম সড়কে সরকারি জমিতে ৮৫টি স্থাপনা তৈরি করে ভাড়া আদায় করে আসছিল দখলদাররা। গত ডিসেম্বর সেসব স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা পরিষদ বৃহস্পতিবার সেখানে সীমানা নির্ধারণ ও মার্কেট নির্মাণের কাজ শুরু করতে গেলে স্থানীয় ‘প্রভাবশালীরা’ তাতে বাধা দেয়।

খুলনা জেলা পরিষদের মুখ্য কর্মকর্তা মো. আছাদুজ্জামান বলেন, “যতীন-কাশেম সড়কের জায়গা জেলা পরিষদের। এখানে আমরা স্থপনা নির্মাণ করব।”

অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, জেলা পরিষদের ওই উদ্যোগের কোনো ‘বৈধতা নেই’। তারা ‘হয়রানিমূলক’ মামলা দিয়ে ব্যবসায়ীদের জেলে পাঠিয়েছে।

স্থানীয় ব্যবসায়ী রেজাউল ইসলাম মোড়ল বলেন, ‘খুলনা জেলা পরিষদ তাদের জায়গা দাবি করে ফুটপাত দখল নিয়ে স্থাপনা নির্মাণের উদ্যোগ নিচ্ছে। এর ফলে সড়ক সঙ্কুচিত হবে, শতশত ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর অবরুদ্ধ হয়ে পড়বে।”

ওই এলাকায় অবৈধ দখল উচ্ছেদ এবং উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগে চুকনগরের ৩৩ ব্যবসায়ীকে আসামি করে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মামলা দায়ের করেছিল জেলা পরিষদ।

আসামির তালিকায় থাকা ব্যবসায়ীরা বুধবার খুলনার মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত ছয় জনকে জামিন দিলেও ২৭ জনকে কারাগারে পাঠায়।

ব্যবসায়ী জয়দেব আঢ্য জানান, যতীন-কাশেম সড়কের ওই জমি নিয়ে স্থানীয় ব্যবসায়ী পার্থ কুণ্ডু গতবছর ১৩ জুন হাই কোর্টে একটি রিট মামলা করেছিলেন। সেটি এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায়।