রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পিকআপভ্যান চালকের
ফেনীতে ‘সিগন্যাল বার অমান্য করে’ রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সংর্ঘষে একটি পিকআপভ্যান দুমড়ে-মুচড়ে চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী সদরের বারাহীপুর রেলক্রসিং এলাকায় বুধবার গভীর রাতে এ র্দুঘটনা ঘটে বলে ফেনী রেলওয়ে জিআরপি পুলিশের ইনর্চাজ এসআই সাইফুল ইসলাম জানান।
নিহত পিকআপ চালক আবদুল হালিম (৩০) কুমিল্লা সদর উপজেলার আলেখার চর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।
আহতরা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই গ্রামের হাসান ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সোহেল রানা। তারা পেশায় ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।
এসআই বলেন, “রাত ৩টার দিকে একটি পিকআপভ্যান বেপরোয়া গতিতে রেলক্রসিং পারাপারের সময় চট্টগ্রামমুখী মহানগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পিকআপটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হয়।“
গেটম্যান জীবন বলেন, “ট্রেন আসার আগে গেট ফেলে সড়ক বন্ধ করে দেওয়া হলেও দ্রুতগতির পিকআপটি গেট ভেঙে লাইনের ওপর উঠে যায়। এতে ট্রেনের সঙ্গে সংর্ঘষ হয়।”
তবে এ ঘটনায় গেটম্যানের অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এসআই সাইফুল।
এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের র্মগে পাঠানো হয়েছে।
