পাচারের সময় উখিয়ায় সোয়া কোটি টাকার সোনা উদ্ধার
কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকা থেকে এক কোটি ২৬ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকারসহ এক পাচারকারিকে আটকের খবর জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান, উপজেলার পালংখালী সীমান্ত থেকে আগের দিন সকালে স্বর্ণগুলো উদ্ধার করেন তারা।
আটক করম আলী ওরফে করিম (৩৭) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিয়াঘোনা এলাকার ঠাণ্ডা মিয়ার ছেলে।
খাইরুল বলেন, “মিয়ানমার থেকে স্বর্ণের বড় একটি চালান পাচারের খবরে ঘটনাস্থলে তল্লাশি চৌকি বসিয়ে অভিযান শুরু করে র্যাব। এক পর্যায়ে এক ব্যক্তির গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা তাকে থামার জন্য নির্দেশ দেন। এ সময় ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।
উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৬ লাখ ৯ হাজার ৪৫৯ টাকা বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
তিনি বলেন, আটক ব্যক্তি উদ্ধার করা স্বর্ণের চালানটি উখিয়ার পালংখালী ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল। স্বর্ণ চোরাচালানের সঙ্গে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় একটি চক্রও জড়িত। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
