সোনারগাঁয়ে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ট্রাকচাপায় এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
উপজেলার ঢাকা-বাইপাস সড়কের পাকুণ্ডা এলাকায় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে সোনারগাঁ থানার তালতলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু সাঈদ জানান।
নিহত আফাজউদ্দিন (৪৫) টাঙ্গাইল জেলা সদর উপজেলার চরখিদি গ্রামের মজনু মিয়ার ছেলে। তিনি সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাহ হোসেন বলেন, “রাস্তা পার হওয়ার সময় আফাজউদ্দিনকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।”
