২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুকে বাঁচাতে মোটরসাইকেলে ব্রেক, ছিটকে যুবকের মৃত্যু

ফেনী সদর উপজেলায় একটি শিশুকে বাঁচাতে মোটরসাইকেলের চালক ব্রেক ধরার পর পেছন থেকে ছিটকে পড়ে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে; এ ঘটনায় আহত হয়েছেন এক ইউপি সদস্য।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2022, 10:19 AM

Updated : 28 Apr 2022, 11:41 PM

বুধবার রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী তালতলা এলাকার ফেনী-নোয়াখালী (সোনাইমুড়ি) সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান।

নিহত মো. রাশেদুল ইসলাম (২৬) দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের পূর্ব রামচন্দ্রপুর গ্রামের কলিম উদ্দিন ভূঞা বাড়ির রুহুল আমিনের ছেলে। ওমান থেকে তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন।

এ ঘটনায় আহত নুরুল হুদা সুমন ভূঞা (২৮) ওই  ইউনিয়ন পরিষদের সদস্য। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন বলেন, রাশেদুল সম্প্রতি ওমান থেকে ছুটিতে দেশে আসেন। ইউপি সদস্য নুরুল হুদা ও রাশেদুল সম্পর্কে চাচাতো ভাই।

“বুধবার রাতে নুরুল হুদা মোটর সাইকেল চালিয়ে রাশেদুলকে নিয়ে বাড়ি থেকে ফেনীর দিকে যাচ্ছিলেন। পথে একটি শিশু দৌঁড়ে মোটর সাইকেলের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল।

“এ সময় ওই শিশুকে বাঁচাতে মোটর সাইকেল ব্রেক করলে পেছনে থাকা রাশেদ উল্টে ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় নুরুলও মোটর সাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন।”

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাশেদুকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

ওসি বলেন, রাশেদুলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।