রাসিকের সঙ্গে বিদেশি কোম্পানির জালিয়াতির চেষ্টার অভিযোগ
রাজশাহী সিটি করপোরেশনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানির জালিয়াতির চেষ্টার অভিযোগ উঠেছে।
আটটি ‘ফায়ার ফাইটিং ট্রাক’ কেনার নামে নয়টি ভুয়া ডকুমেন্ট তৈরি করে চুক্তিপত্র সম্পাদনের নামে এই জালিয়াতির চেষ্টা করছে শিনশিন গ্লোবাল কোম্পানী লিমিডেট নামের এই প্রতিষ্ঠান।
এছাড়া ওই ‘জালিয়াতিতে ব্যর্থ হয়ে’ প্রায় আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে বলে অভিযোগ রাজশাহী সিটি করপোরেশনের।
এই অভিযোগে বুধবার দুপুরে সিটি করপোরেশনে সংবাদ সম্মেলন করেছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
তিনি বলেন, এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ারিং এডভাইজার আশরাফুল হক থানায় একটি সাধারণ ডায়েরি [জিডি] করেছেন। এছাড়া সাইবার আইনে মামলা করারও প্রস্তুতি চলছে।
বিষয়টি জানিয়ে মঙ্গলবার [১৫ ফেব্রুয়ারি] দক্ষিণ কোরিয়া দূতাবাসসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে বলেও মেয়র লিটন জানান।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
লিখিত বক্তব্যে মেয়র বলেন, “একটি চক্র কৌশলে আমার পাসপোর্ট জালিয়াতি, ভুয়া ই-মেইল আইডি ও মোবাইল নম্বর ব্যবহার এবং সিটি করপোরেশনের কর্মকর্তার ভূয়া নাম, পদবী ও স্বাক্ষর ব্যবহারের মাধ্যমে কোরিয়ান শিনশিন গ্লোবাল কোম্পানির কাছ থেকে আটটি ‘ফায়ার ফাইটিং ট্রাক’ ক্রয়ে নয়টি ভুয়া ডকুমেন্ট তৈরি করে চুক্তিপত্র সম্পাদন করেছে বলে জানতে পেরেছি।”
তবে তৃতীয় কোনো পক্ষ না কোম্পানি নিজেই বিভিন্ন ভূয়া ডকুমেন্ট তৈরি করে রাজশাহী সিটি করপোরেশনকে ফাঁসানোর জন্য চেষ্টা চালাচ্ছে, তা যথাযথ তদন্ত ও তথ্য প্রমাণ প্রাপ্তি সাপেক্ষে জানা যাবে বলে মেয়রের ভাষ্য।
মেয়র বলেন, “আমার সাথে ফোনালাপ কিংবা আমার ই-মেইলে যোগাযোগ না করে ভূয়া ই-মেইলে যোগাযোগের মাধ্যমে চুক্তিপত্র সম্পাদনের বিষয়টি অবহিত করার পরও দক্ষিণ কোরিয়ার সিউলের বাংলাদেশ দূতাবাসে কোম্পানিটির মালিক বিসি শিন একাধিকবার যোগাযোগ ও মিথ্যা অভিযোগ দাখিল করায় আমার ও রাজশাহী সিটি করপোরেশনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। “
সংবাদ সম্মেলনে মেয়র বলেন, রাজশাহী সিটি করপোরেশন বাংলাদেশের একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান। সিটি করপোরেশনের কার্যাবলীর মধ্যে ফায়ার ফাইটিং সেবা অন্তর্ভুক্ত নয়। বাংলাদেশে ফায়ার ফাইটিং এর জন্য ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নামের একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ সরকারি সংস্থা রয়েছে। ফলে সিটি করপোরেশনে ফায়ার ফাইটিং ট্রাক ক্রয়ের কোনো প্রশ্নই আসে না। বিষয়টি অপ্রাসঙ্গিক ও অযৌক্তিকও। বাংলাদেশে সরকারি ক্রয় প্রক্রিয়া পিপিএ-২০০৬ ও পিপিআর-২০০৮ অনুযায়ী সিটি করপোরেশনের সকল ক্রয় কার্যক্রম সম্পাদিত হয়। যেকোনো যানবাহন ক্রয়ের ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রতিযোগিতার মাধ্যমে সরবরাহকারীর কাছ থেকে ক্রয় করা হয়ে থাকে। সরাসরি বিজ্ঞপ্তি ছাড়া সরকারি অর্থের মাধ্যমে এত বড় অংকের যানবাহন কোনো সরবরাহকারীর কাছ থেকে কেনার সুযোগ নেই। সেক্ষেত্রে কোরিয়ান শিনশিন গ্লোবাল কোম্পানির সঙ্গে ১০ দশমিক ১২ মিলিয়ন ইউএস ডলারের সরাসরি ক্রয়চুক্তি সরকারি ক্রয় নীতিমালা পরিপন্থি ও বাস্তবসম্মত নয়।
রাসিক মেয়র বলেন, ২০১৮ সালের ১৩ জানুয়ারি শিনশিন ইঞ্জিনিয়ারিং কোম্পারি রাজশাহীতে ১০০ মেগা ওয়ার্ডের সোলার পাওয়ার প্লাল্ট নির্মাণের আগ্রহ দেখিয়ে সিটি করপোরেশনের মেয়র বরাবর পত্র দেয়। পত্রের প্রেক্ষিতে সেই সময়ে কোম্পানির চেয়ারম্যান বিসি শিন রাজশাহীতে আসেন। একাধিক আলোচনার পর সিটি করপোরেশনের পক্ষ থেকে সোলার পাওয়ার প্লাল্ট নির্মাণে অনাগ্রহ দেখানোয় সে সময়েই পত্র যোগাযোগসহ এ বিষয়টির সমাপ্তি ঘটে। এর প্রায় তিন বছর পর গত বছরের ১ ডিসেম্বর বিসি শিন তার টেলিফোন নম্বর থেকে রাজশাহী সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ারিং অ্যাডভাইজার আশরাফুল হককে ফোন করে আটটি ফায়ার ফাইটিং ট্রাক ক্রয়ের বিষয়ে জানতে চান। তখন সিটি করপোরেশনের সাথে কোম্পানিটির কখনোই যোগাযোগ না হওয়ার বিষয়টি বিসি শিনকে জানিয়ে দেওয়া হয়।
“এরপর তিনি কয়েকটি ই-মেইল পাঠিয়ে তার কোম্পানি থেকে আটটি ফায়ার ফাইটিং ট্রাক ক্রয় বিষয়ক ভুয়া ডকুমেন্ট পাঠান।”
মেয়র লিটন বলেন, “সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ারিং অ্যাডভাইজার আশরাফুল হকের কাছে পাঠানো ডকুমেন্ট ও আগের কথিত ই-মেইলসমূহ যাচাই করে দেখা যায় যে বিসি শিন আটটি ফায়ার ফাইটিং ট্রাক ক্রয় সংক্রান্ত যাবতীয় যোগাযোগ একটি ভূয়া ই-মেইল এড্রেস (khzzaman_liton@yahoo.com) এর সাথে করেছেন; যা আমার ইমেইল এড্রেস নয়। প্রকৃতপক্ষে, আমার ইমেইল এড্রেস khzaman_liton@yahoo.com. লক্ষনীয় যে আমার ই-মেইল এড্রেস থেকে যোগাযোগকৃত ই-মেইল এড্রেসে একটি জেড (z) বেশি। বিসি শিন তার কথিত অর্থ লেনদেনের কোনো পর্যায়ে তিনি আমার সাথে ফোনালাপ বা আমার প্রকৃত ই-মেইল এড্রেসে কোনো ইমেইল প্রেরণ করেননি।”
রাজশাহী সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় অপতৎপরতায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মেয়র বলেন, এ ব্যাপারে ইতোমধ্যে বোয়ালিয়া মডেল থানায় জিডি করা হয়েছে। প্রকৃত ঘটনা উল্লেখ করে দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশ দূতাবাসে সিটি করপোরেশনের পক্ষ থেকে পত্র পাঠানো হয়েছে। চক্রটির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমান, ইঞ্জিনিয়ারিং অ্যাডভাইজার আশরাফুল হক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক প্রমুখ।
