২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে ট্রাকে চুরমার মোটরসাইকেল, কিশোর নিহত

মানিকগঞ্জের হরিরামপুরে ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেল দুমড়েমুচড়ে গেছে, নিহত হয়েছেন তার আরোহী এক কিশোর; আহত হয়েছেন আরো দুই জন।  

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2022, 11:16 PM

Updated : 02 Aug 2022, 02:55 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার পাটগ্রাম স্কুল মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সঞ্জয় মন্ডল (১৭) উপজেলার চালা ইউনিয়নের পশ্চিম খলিলপুর গ্রামের সুশীল মন্ডলের একমাত্র ছেলে।

আহতরা হলেন পারভেজ খান (১৭) ও চয়ন। পারভেজ পূর্ব খলিলপুর গ্রামের জসিম খানের বড় ছেলে। তাদের ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।  

হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, দুপুরে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে করোনাভাইরাসের টিকা গ্রহণ শেষে মোটরসাইকেলে ফেরার পথে পাটগ্রাম স্কুল মাঠ সংলগ্ন মোড়ে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়।

ওসি বলেন, এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ দুই আরোহী গুরুতর আহত হন। হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার হয়। পরে সেখান থেকে মানিকগঞ্জ  সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সঞ্চয় মন্ডলকে মৃত ঘোষণা করেন।

সঞ্জয়ের প্রতিবেশী রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাসুদেব সরকার বলেন, সঞ্জয়সহ তার দুইবন্ধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিয়ে ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সঞ্জয় নিহত হয়েছেন। 

“সঞ্জয়ের দুই বন্ধু চয়ন ও পারভেজ গুরুতর আহত হয়েছেন। তারা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।”

ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।