নোয়াখালীতে কিশোর-কিশোরীর প্রেম, দুই গ্রামের সংঘাত, ভাঙচুর-গুলি
নোয়াখালীর সেনবাগ উপজেলায় দুই স্কুল শিক্ষার্থীর প্রেমে বড় ভাইয়ের শাসন শেষ পর্যন্ত দুই গ্রামের বাসিন্দাদের সংঘাতে গড়িয়েছে।
সোমবার ভ্যালেন্টাইন দিবসের বিকাল থেকে রাত পর্যন্ত বীরকোর্ট ও কেশরপাড় গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।
পরে পুলিশকে লাঠিপেটা করে এবং ১১টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় বলে সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন জানান।
এ ব্যাপারে এখনও থানায় কোনো মামলা হয়নি জানিয়ে ওসি বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বলা হয়েছে থানায় অভিযোগ দিতে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বীরকোর্ট গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে কেশরপাড় গ্রামের দশম শ্রেণির এক ছাত্রের সম্পর্ক গড়ে উঠে। এটি জানার পর, ওই ছাত্রীর ভাই দশম শ্রেণির ছাত্রকে মারধর করে।
ব্যবসায়ীরা জানান, দোকান ভাঙচুরের প্রতিবাদের সকালে দোকানপাট বন্ধ করে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
