২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ২০টি স্বর্ণের বারসহ ২ যুবক আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বারসহ দুই যুবক আটক হয়েছেন, যারা ওই স্বর্ণ ভারতে পাচার করছিলেন বলে বিজিবির ভাষ্য। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2022, 08:23 PM

Updated : 02 Aug 2022, 02:55 PM

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী বলেন, সোমবার সকালে বালুন্ডা গ্রাম থেকে ‘সন্দেহজনক’ দুই যুবককে আটক করে স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

আটকরা হলেন বেনাপোলের পুটখালী গ্রামের আলী হোসেনের ছেলে লিটন হোসেন (২৫) ও আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান (২৮)।

মনজুর-ই-এলাহী বলেন, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদ পেয়ে বিজিবির টহল দল বালুন্ডা গ্রাম থেকে তাদের আটক করে।

পরে তাদের দেহ তল্লাশি করে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন তিন কেজি ৮৯১ গ্রাম। আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৪৯ লাখ ৫১ হাজার ৯০ টাকা।

স্বর্ণ পাচারের অভিযোগে মামলা দিয়ে লিটন ও হাফিজুরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে এই বিজিবি কর্মকর্তা জানান।