২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসা দিবসে এক গোলাপের দাম ৭০ টাকা! 

ভালোবাসা দিবস আর পহেলা ফাল্গুন ঘিরে মানিকগঞ্জ বাজরে ফুল বিক্রি হচ্ছে বেশি দামে।   

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2022, 04:28 PM

Updated : 28 Apr 2022, 11:39 PM

বছরের অন্যান্য দিন একটি গোলাপ ৮ থেকে ১০ টাকায় বিক্রি হলেও ভালবাসা দিবসে খুচরা পর্যায়ে একটি গোলাপ সত্তর টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যাবসায়ীরা।

সোমবার বেলা একটার দিকে জেলার হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মৌসুমি ব্যবসায়ী ফিরোজ হোসেনকে প্রতিটি গোলাপ সত্তর টাকায় বিক্রি করতে দেখা গেছে।

জেলার সদর উপজেলার শহীদ-রফিক সড়কে ‘ফুলপট্টি’ হিসেবে পরিচিত খালপাড় এলাকায় ১২টি, সিংগাইর উপজেলায় ৩টি ও সাটুরিয়া উপজেলায় ১টি ফুলের দোকান রয়েছে। বাকি ৪টি উপজেলায় কোন ফুলের দোকান নেই। জেলা সদরের ফুলপট্টি হিসেবে পরিচিত এই দোকানগুলো থেকেই সারাজেলায় ফুল ছড়িয়ে যায়।

ব্যাবসায়ীরা বলছেন, এবার দশ হাজার গোলাপ ফুল এনেছেন ব্যবসায়ীরা। পাইকার বাজার থেকেই প্রতি পিস গোলাপ কিনতে হয়েছে ২৫-৩০ টাকায়।

শহরের নিউ রাজকণ্যা পুষ্পালয়ের মালিক মো. আলমগীর হোসেন বলেন, “প্রায় বিশ বছর ধরে ফুলের ব্যবসা করি। এবারের মতো চড়া দামে কখনো ফুল কিনতে হয়নি। পাইকারি ব্যবসায়ীরা প্রতি পিস লাল গোলাপের দাম ২৫-৩০ টাকা নিয়েছেন। এর সঙ্গে পরিবহন ও ওয়েস্ট কস্ট আছে। আমরা কিনে পরতা করতে পারছি না তাহলে বেঁচে কিভাবে লাভ করব? পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে আমরা যতটা বিক্রি করে লাভবান হই, এবার তার অর্ধেকও করা সম্ভব হবে না।”

ফ্লাওয়ার হাউজের মালিক আজহার উদ্দিন বলেন, “আমরা পাইকারদের থেকে ফুল কিনি। ফুলের বাগানে ফুল এবার কম হয়েছে বলে পাইকাররা জানিয়েছে। আমাদের কাছ থেকে উপজেলার মৌসুমী ব্যবসায়ীরা ফুল নিয়ে থাকে। আমরাই চড়া দামে কিনেছি। সরকার ফুল ব্যবসায়ীদের ক্ষতি পোষাতে অনুদানের পদক্ষেপ নিলে আমরা বাঁচব। আর তা না হলে এ ব্যবসার ঐতিহ্য নষ্ট অথবা বিলুপ্ত হতে পারে।”

“অন্যান্য বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবস, স্বাধীনতা দিবস, একুশে ফেব্রুয়ারি, ১ ফাল্গুন, বাংলা নববর্ষ, বিশ্ব ভালবাসা দিবস, ঈদ-পূজায় কাঙ্ক্ষিত বেচাকেনা হয়। তবে লকডাউনের ক্ষতি আমরা পোশাতে পারিনি।”

হরিরামপুর উপজেলার সামনের মৌসুমি ব্যবসায়ী ফিরোজ হোসেন বলেন, “ছোট ভাইদের অনুরোধে ভালোবাসা দিবস আর পহেলা ফাল্গুন উপলক্ষে তিনশ গোলাপ এনেছি। পরিবহন খরচসহ ৫০- ৫৫ টাকার মতো কিনতে হয়েছে। তাই সত্তর টাকাও বেচতে হচ্ছে।

মানিকগঞ্জ সদরের হাটিপাড়া এলাকার রাকিব বলেন, আজ একটি হলেও গোলাপ লাগবে। সো ৭০-৮০ বা ১০০ হলেও কিনতে হবে।”

হরিরামপুর উপজেলার পদ্মাপাড় থেকে আসিফ নামের কলেজ পড়ুয়া তরুণ বলেন, পছন্দের মানুষের জন্য সত্তর টাকা করে গোলাপ কিনেছি।