২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার জোড়া খুনের আসামি ৮ বছর পর গ্রেপ্তার চট্টগ্রামে

কুমিল্লার মুরাদনগর উপজেলার লাজৈর গ্রামে প্রায় আট বছর আগে দুই শিশুকে হত্যার মামলার এক আসামি গ্রেপ্তার হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2022, 12:46 AM

Updated : 02 Aug 2022, 02:55 PM

চট্টগ্রামের ফটিকছড়ির বাগমারা গ্রাম থেকে রোববার মাজেদা বেগমকে (৪৫) গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানিয়েছেন।

গ্রেপ্তার মাজেদা মুরাদনগর উপজেলার লাজৈর গ্রামের মো. সেলিম মিয়ার স্ত্রী।

মেজর সাকিব জানান, পারিবারিক কলহের জেরে ২০১৪ সালের ২১ এপ্রিল লাজৈর গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে আরাফাত হোসেনকে (৬) গলা কেটে এবং শাহ আলমের ছেলে জসিম উদ্দিনকে (৭) স্বাসরোধ করে হত্যা করা হয়।

মামলার পর পুলিশ বলেছিল, লাজৈর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী ইয়াছমিনের সঙ্গে ভাসুর বিল্লাল হোসেন এবং চাচা শ্বশুর শাহ আলমের পারিবারিক বিরোধ চলছিল।

পারিবারিক বিরোধে কুমিল্লায় ২ শিশু খুন  

মামলার নথি থেকে জানা যায়, বিল্লালের (নিহত আরাফাতের বাবা) ভাই বাবুল মামলার প্রধান আসামি ইয়াসমিনের স্বামী। বিল্লাল হোসেন ইয়াসমিনের বড় বোনকে বিয়ে করেন। নিহত আরাফাত বিল্লাল হোসেনের ছেলে ও নিহত জসিম বিল্লালের চাচাত ভাইয়ের ছেলে।

মেজর সাকিব বলেন, হত্যাকান্ডের ঘটনায় ইয়াসমিনকে এক নম্বর, মাজেদা বেগমকে দুই নম্বর এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে নিহত আরাফাতের বাবা বিল্লাল হোসেন একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই মাজেদা এলাকা থেকে পালিয়ে ঢাকা, গাজীপুর, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় নিজের নাম বদলে কখনও গৃহকর্মী, কখনও গার্মেন্টসকর্মী আবার কখনও ওঝা সেজে আত্মগোপনে ছিলেন।

সর্বশেষ মাজেদা বেগম গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করে গা-ঢাকা দেন। কিন্তু করোনাভাইরাসের মহামারীর কারণে চাকরি চলে গেলে ফটিকছড়িতে একটি পাহাড়ি গ্রাম বাগমারায় রাবার বাগানের পাশে তার ভাইয়ের বাসায় আত্মগোপনে যান।

প্রযুক্তির সহায়তা এবং গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মেজর সাকিব।

রোববার দুপুরে মাজেদাকে মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।