২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকবিরোধী অভিযানে পুলিশ ও সোর্সকে কুপিয়ে জখম

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের এক সদস্য ও সোর্সকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2022, 06:40 PM

Updated : 02 Aug 2022, 02:54 PM

রোববার দুপুর দেড়টায় নগরীর ডাঁশমারী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন।

আহতরা হলেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের কনস্টেবল আতিকুর রহমান (৪০), গোয়েন্দা পুলিশের সোর্স নাইম (৩০)।

এ সময় আমিনুর রহমান ওরফে দুখু (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তিনিও আহত হয়েছেন। পরে আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় বলে জানান ওসি।

তিনি বলেন, “কনস্টেবল আতিকুরের অবস্থা গুরুতর। তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।”

আনোয়ার আলী তুহিন জানান, দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল পুলিশের সোর্স নাইমকে নিয়ে ডাঁশমারী এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী আমিনুর রহমান ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়।

“তারা কনস্টেবল আতিকুর ও সোর্স নাইমকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম পালিয়ে যায়। পালানোর সময় অন্য পুলিশ সদস্যরা আমিনুরকে আটক করে। এ সময় ইটের আঘাতে আমিনুর আহত হয়”, যোগ করেন ওসি।