২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট বোর্ডের ইতিহাসে সর্বোচ্চ জিপিএ-৫

এইচএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে এবার ৯৪ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2022, 01:52 PM

Updated : 02 Aug 2022, 02:55 PM

রোববার দুপুরে বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করে পরীক্ষা  নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল বলেন, “এবার জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৭৩১ জন। বোর্ডের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে শিক্ষার্থীরা।”

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত এবারের পরীক্ষায় সিলেট বিভাগে মোট ৬৬ হাজার ৬৬১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬৩ হাজার ১৯৩ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘‘গত বছর পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় সবাইকে পাস ঘোষণা করা হয়। তবে এবার সংক্ষিপ্ত পরিসরে পরীক্ষা হয়েছে। সবদিকেই ফল ভাল হয়েছে। ফলাফল সন্তোষজনক।’’

সিলেট বোর্ডের অধীনে চার জেলায় মধ্যে সিলেটে ৯৫ দশমিক ৮০, হবিগঞ্জে ৯৪ দশমিক ৮১, মৌলভীবাজারে ৯৩ দশমিক ২২ ও সুনামগঞ্জে ৯৪ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

কোভিড মহামারীর কারণে বিলম্বিত শিক্ষাবর্ষ শেষে সংক্ষিপ্ত সিলেবাসে হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে পাস করেছে ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২১ সালের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করেন। পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করা যাবে ফল।

মেয়েরা এগিয়ে

গত বছরের মতো এবারও ছেলেদের চেয়ে মেয়েরা ভাল ফল করছে। ৩০ হাজার ২১৬ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৮ হাজার ৩০৬ জন।

অন্যদিকে ৩৬ হাজার ৪৪৫ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৪ হাজার ৮৮৭ জন।

ছেলেদের পাসের হার ৯৩ দশমিক ৬৮ শতাংশ আর মেয়েরা পাস করেছে ৯৫ দশমিক ৭৩ শতাংশ।

মানবিকে ভাল ফল

সিলেটে বোর্ডে এবার মানবিক বিভাগের শিক্ষার্থীরা ভাল ফল করেছে। মানবিক বিভাগে ৯৬ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে  ৯২ দশমিক ৯৭ শতাংশ শিক্ষার্থী। এবার ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৯০ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

পাসের হারের দিকে মানবিক বিভাগের শিক্ষার্থীরা ভাল ফল করলেও জিপিএ-৫ বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। মোট জিপিএ-৫ পাওয়া চার হাজার ৭৩১ জন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পেয়েছে দুই হাজার ৫৩৮টি জিপিএ-৫। আর মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ১৯৩ জন।

শতভাগ পাস ৫৩ কলেজে

সিলেট শিক্ষা বোর্ডে এবারের পরীক্ষায় অংশ নেওয়া ২৯৯টি কলেজের মধ্যে ৫৩টি কলেজ শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। আর কেউ উত্তীর্ণ হতে পারেননি এমন প্রতিষ্ঠান নেই সিলেট শিক্ষাবোর্ডে।

কোন গ্রেডে কতজন

মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে চার হাজার ৭৩১ জন। এ ছাড়া ‘এ’ গ্রেডে ২০ হাজার ৭৩৮ জন, ‘এ মাইনাস’ গ্রেডে ১৮ হাজার ৯৩ জন, ‘বি’ গ্রেডে ১২ হাজার ৭৮৯ জন, ‘সি’ গ্রেডে ছয় হাজার ৫৬৮ জন ও ‘ডি’ গ্রেডে ২৭৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

২০২০ সালে দেশে মহামারীর প্রকোপে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে এইচএসসি পরীক্ষা নেওয়া যায়নি। তবে ২০২১ সালে পরীক্ষা ছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের পরের ধাপে পাঠাতে চায়নি সরকার। ফলে সংক্রমণ নিয়ন্ত্রণের অপেক্ষায় আট মাস পিছিয়ে যায় এইচএসসি ও সমমানের পরীক্ষা।

স্বাভাবিক সময়ে এপ্রিলে এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা শুরু হয় গত ২ ডিসেম্বর। বিশেষ পরিস্থিতিতে এবার সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি পত্রে এইচএসসি পরীক্ষা হয়। সময় কমিয়ে আনা হয় দেড় ঘণ্টায়।

২ হাজার ৬২১টি কেন্দ্রে ৯ হাজার ১৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

বাংলা ও ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোর পরীক্ষা এবার নেওয়া হয়নি। তার বদলে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে সেসব বিষয়ের মূল্যায়ন করে পূর্ণাঙ্গ ফলাফল তৈরি করা হয়েছে।