২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্ত্রীকে মারতে ব্যর্থ হয়ে পেটে কাঁচি ঢুকিয়ে মেয়েকে হত্যা’, আটক বাবা

ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান আতিক জানান, শুক্রবার ভোরে উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের সরকার পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে জাকিরুল ইসলাম নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেন তারা। 

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2022, 03:47 PM

Updated : 28 Apr 2022, 11:38 PM

আটক জাকিরুল ইসলাম (৩২) সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের সরকার পাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।

জাকিরুলের পরিবারের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “পারিবারিক কহলের জেরে বৃহস্পতিবার রাতে স্ত্রী বেলি আক্তাররের (৩০) সঙ্গে জাকিরুলের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জাকিরুল বেলিকে মারার চেষ্টা করলে সে ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায়।

“এরপর জাকিরুল ঘরের দরজা বন্ধ করে ভেতরে থাকা আড়াই বছরের মেয়ে জান্নাতুন ফেরদৌসকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে কাপড় কাঁটার কাঁচি দিয়ে জান্নাতুনের পেটে আঘাত করলে প্রচুর রক্তক্ষরণের তার মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের ভেতর থেকে নাড়িভুড়ি বের করা অবস্থায় জান্নাতুনের লাশ উদ্ধার করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

তিনি বলেন, ঘটনার পর থেকে জাকিরুল পলাতক ছিলেন। সারারাত ওই ইউনিয়নের বিভিন্ন জায়গায় খোঁজাখঁজি করেও তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। পরে জাকিরুলেল বাড়ির একটি ঘর থেকেই তাকে আটক করা হয়।

শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।