২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে আওয়ামী লীগ নেতার ছেলের লাশ উদ্ধার

ময়মনসিংহের গৌরীপুরে এক আওয়ামী লীগ নেতার ছেলের মৃত্যু হয়েছে, যাকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2022, 02:27 PM

Updated : 28 Apr 2022, 11:38 PM

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পৌর শহরের কালীপুর মধ্যম তরফ এলাকা থেকে জুবায়ের ইবনে নুর প্রজ্ঞা নামে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেন তারা।

প্রজ্ঞা উপজেলার মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ কালনের ছেলে; তিনি ঢাকার ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগে স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পড়ার ঘরের বন্ধ দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

“উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।“

তিনি বলেন, প্রজ্ঞা একটি সুইসাইড নোট লিখে গেছেন বলে তারা শুনেছেন। তবে লাশের পাশে কিছু পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।