প্রদীপ-লিয়াকত চট্টগ্রাম থেকে কাশিমপুরে
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বহিষ্কৃত পুলিশ কর্মকর্তা প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে এবার চট্টগ্রাম থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হয়েছে।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, রাত সাড়ে ৮টার দিকে প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীকে নিয়ে প্রিজনভ্যান কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে পৌঁছে।
এর আগে গত শনিবার [৫ ফেব্রুয়ারি] তাদের কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে নেওয়া হয়েছিল।
গত ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল তার আদেশে দুজনের মৃত্যুদণ্ড ছাড়াও সিনহাকে হত্যায় সহযোগিতা এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে তিন পুলিশ সদস্য এবং পুলিশের তিন সোর্সকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
মামলার ১৫ আসামির মধ্যে বাকি চার পুলিশ সদস্য এবং তিন এপিবিএন সদস্যকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
আদেশের পর সাজাপ্রাপ্তদের কক্সবাজার জেলা কারাগারে নেওয়া হয়; আর খালাসপ্রাপ্তদের ওইদিন রাতেই মুক্তি দেওয়া হয়।
