ব্রাহ্মণবাড়িয়ায় মটরসাইকেলে ‘ওড়না পেঁচিয়ে’ তরুণী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় মটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে রাস্তায় পড়ে ট্রাকচাপায় এক তরুণী নিহত হয়েছেন বলে পরিবার জানিয়েছে।
নিহত রুনা আক্তার (১৮) নরসিংদীর মনোহরদী উপজেলার হিতিমদী এলাকার শামসুদ্দিনের মেয়ে।
রুনার খালাত ভাই খোরশেদ আলম সাংবাদিকদের বলেন, বুধবার দুপুরে দুটি মটরসাইকেলে করে তিনি ও রুনাসহ চারজন নরসিংদী থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দিকে যাচ্ছিলেন।
“পথে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর এলাকায় রুনার ওড়না মটরসাইকেলের চাকায় পেঁচিয়ে যায়। এতে রুনা মটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। এ সময় একটি ট্রাকের নিচে চাপা পড়েন রুনা। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনার পর বিকেল ৪টার দিকে রুনা মারা যান।”
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. শাহজালাল আলম জানিয়েছেন।
