সিরাজগঞ্জে ট্রাকচাপায় মটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জের এনায়েতপুরে ট্রাকচাপায় এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরেক আরোহী।
এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান জানান, বুধবার সকালে খামারগ্রাম ডিগ্রি কলেজের কাছে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কে তারা হতাহত হন। হতাহতরা চাচা-ভাতিজা।
নিহত মো. আতিক (২৫) মুদি দোকান চালাতেন। জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজগড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে তিনি।
ওসি আনিছুর রহমান স্থানীয়দের বরাতে বলেন, সকালে চাচা-ভাতিজা একটি মটরসাইকেলে করে এনায়েতপুরের দিকে যাচ্ছিলেন। পথে বালুবাহী একটি ট্রাক পেছন থেকে মটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুইজনই আহত হন। স্থানীয়রা তাদের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে আতিক মারা যান।
পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও সহকারীকে ধরতে পারেনি।
