হিমেলের নামে নির্মাণাধীন ভবনে সাইনবোর্ড স্থাপন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাক চাপায় নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের নামে নির্মাণাধীন নতুন একাডেমিক ভবনের সামনে সাইনবোর্ড দিয়েছেন তার সহপাঠীরা।
সোমবার সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী ও হিমেলের সহপাঠীরা এ সাইনবোর্ড স্থাপন করেন।
গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিঠুন চন্দ্র মোহন্ত বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে আমাদেরকে হিমেলের নামে নির্মাণাধীন নতুন একাডেমিক ভবনের নামকরণের আশ্বাস দিয়েছেন। তবে নির্মাণাধীন ভবন তৈরিতে অনেক সময় লেগে যেতে পারে। এরই মধ্যে নতুন প্রশাসন আসলে যেন ভুলে না যায় সেজন্য আমরা সাইনবোর্ড স্থাপন করেছি। ফলে এটি আমাদের দাবিকে আরও জোরালোভাবে দৃশ্যমান রাখবে।”
তিনি বলেন, “এটা কেবলই আমাদের কাছে একটা সাইনবোর্ড নয়, এটি আমাদের ভালেবাসা, আবেগ ও দাবির বহিঃপ্রকাশ।”
মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের ২০১৬-১৭ সেশনের মোহাম্মদ তানভীর হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অদক্ষ ব্যবস্থাপনার কারণে একজন শিক্ষার্থীর জীবন ভবন নির্মাণের সময় ঝরে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরও যেসব প্রকল্প রয়েছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়েও যেসব কাজ হয় সেখানে যেন সতর্কতা ও দক্ষতার পরিচয় দেওয়া হয়।
“বাংলাদেশে আর কোথাও কোনো হিমেলকে যেনো এমন অবহেলায়, অব্যবস্থাপনায় প্রাণ দিতে না হয় সেটাকেই সবসময় মনে করিয়ে দিতে আমরা নিহত হিমেলের নামে এই ভবনের নামকরণের দাবি তুলেছিলাম এবং আজ সাইনবোর্ড স্থাপন করেছি।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, “ইতিমধ্যে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ঘটনাস্থলের সড়ক ও নির্মাণাধীন নতুন একাডেমিক ভবনের নাম হিমেলের নামে করার আশ্বাস দিয়েছি। কিন্তু বিষয়গুলো সময়সাপেক্ষ। তবে আমরা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। তাই সে পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বলব।”
সাইনবোর্ডটি স্থাপনকালে চারুকলা অনুষদের প্রায় ৩০-৪০ জন শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মোটরসাইকেলে হবিবুর হলের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় নির্মাণ সামগ্রী বহনকারী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থী হিমেল।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা করেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে। ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীকে অব্যাহতি দিয়ে নতুন প্রক্টর আসাবুল হককে নিয়োগ দেওয়া হয়েছে।
গত বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীদের ৭ দফা দাবির প্রেক্ষিতে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে প্রশাসন শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ার আশ্বাসও দিয়েছেন। যার মধ্যে ঘটনাস্থলের সড়ক ও নির্মাণাধীন নতুন একাডেমিক ভবনের নাম হিমেলের নামে করার দাবি অন্যতম ছিল।
