২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকি না দেওয়ায় গোপালগঞ্জে ব্যবসায়ীকে হত্যা: পুলিশ

বাকিতে পন্য বিক্রি না করায় গোপালগঞ্জে মুদি ব্যবসায়ী গাউস দাড়িয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2022, 04:05 PM

Updated : 28 Apr 2022, 11:36 PM

রোববার বেলা ১১টায় গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান এ কথা জানান।

নিহত গাউস দাড়িয়া (৪৫) গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের খানারপাড় গ্রামের আজিম দাড়িয়ার ছেলে। তিনি বাড়ির পাশে মুদির ব্যবসা করতেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত ২ ফেব্রুয়ারি রাতে গাউস তার মুদি দোকানে ঘুমিয়ে ছিলেন। সেদিন গভীর রাতে একই গ্রামের কাইয়ূম  মোল্লার ছেলে ইসরাফিল মোল্লাসহ (২২) তিনজন সিগারেট কেনার কথা বলে গাউসকে ঘুম থেকে ডেকে তোলে।

“দোকান খোলার সঙ্গে সঙ্গে তারা গাউসকে প্রথমে লাঠি দিয়ে আঘাত করে। এ সময় গাউস নিস্তেজ হয়ে পড়ে। পরে ওই তিনজন গাইছকে কুপিয়ে হত্যা করে লাশ বাড়ির পাশে বাদশা শেখের পুকুরে লাশ ফেলে পালিয়ে যায়।”

পরদিন সকালে গাউছের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান আদনান।

তিনি বলেন, পরে পুলিশ এ ঘটনা তদন্ত করে ইস্রাফিল, আজিজুর দাড়িয়া ওরফে কুটি(৫০) ও বজলু দাড়িয়া ওরফে রাজিবকে (২৩) গ্রেপ্তার করে।

“ধারের টাকা, দোকানে বাকির টাকা চাওয়া, নতুন করে বাকি না দেওয়া ও লোকজনের মধ্যে বাকি টাকা চেয়ে লজ্জা দেওয়ার কারণে এ মুদি দোকানীকে হত্যা করা হয়।”