টাঙ্গাইলে পুড়ল ১৮ দোকান
টাঙ্গাইলের বাসাইল উপজেলার একটি বাজারে ১৮টি দোকান পুড়ে গেছে।
শনিবার রাত ১০টায় উপজেলার সদর ইউনিয়নের নাইকানীবাড়ি ঈশ্বরগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বাসাইল স্টেশনের ইনচার্জ রাকিবুল হাসান।
তিনি জানান, খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।
তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে । তদন্তসাপেক্ষে নিশ্চিত করা যাবে।
উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্ত দোকানি আলতাব, লাল মিয়া, বাবু, মনিরসহ কয়েকজন গণমাধ্যমকে জানান, মুহূর্তের মধ্যেই আগুন সব দোকানে ছড়িয়ে পড়ে। এতে ১৮টি দোকানের মালামাল, কাগজপত্র, হিসেবের খাতা পুড়ে গেছে।
তারা অভিযোগ করেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পৌনে এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের লোকজন এসেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত সাউন্ড সিস্টেমের দোকানদার ফজল মিয়া বলেন, “আমার সাউন্ড সিস্টেমের সব জিনিস পুড়ে গেছে। আমার প্রায় ১৫ লাখ টাকার জিনিস পুড়ে গেছে। লাখ লাখ টাকা ঋণ, আমি নিঃস্ব হয়ে গেছি।”
মুদির দোকানদার আবুল কালাম আজাদ বলেন, “দোকানের ১০ লাখ টাকার মত মালামাল পুড়ে গেছে। ব্যাংক থেকে তিন লাখ টাকা ঋণ নিয়ে মালামাল তুলেছিলাম। আয়ের একমাত্র পথ পুড়ে গেছে।”
