কুমিল্লায় ইভিএম ভাঙচুরের অভিযোগ
কুমিল্লার বুড়িচং উপজেলায় ময়নামতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের দুই দিন আগে হামলা চালিয়ে দুটি ইলেকট্রনিক ভোটিং মেশিন ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শনিবার বেলা দেড়টার দিকে ইউনিয়নের নামতলা বড় বাড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষামূলক ভোট চলাকালে এই হামলা হয় বলে জানান উপজেলার নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।
আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বুড়িচং উপজেলার নয় ইউনিয়নে ভোট গ্রহণ করার কথা রয়েছে। এর মধ্যে শুধু ময়নামতি ইউনিয়নে ইভিএমে ভোট নেওয়া হবে।
নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, শনিবার ওই কেন্দ্রে স্থানীয় ভোটারদের ইভিএমে ভোট দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। দুপুরে অজ্ঞাতপরিচয় একদল লোক হামলা করে দুটি ইভিএম ভাঙচুর করে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় বুড়িচং থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।
বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় এখনও থানায় মামলা হয়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
