২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী তাজুলের বিরুদ্ধে বিক্ষোভ: তরিকত নেতাকে অবাঞ্ছিত ঘোষণা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের বিরুদ্ধে তরিকত ফেডারেশনের নেতাকর্মীরা বিক্ষোভ করায় সংগঠনটির মহাসচিব সৈয়দ রেজাউল হককে কুমিল্লার একটি ‘এলাকায়’ অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2022, 09:42 PM

Updated : 02 Aug 2022, 02:50 PM

কুমিল্লার লাকসাম উপজেলার দোগাইয়া গ্রামে ‘চাঁদপুর দরবার শরীফের’ সামনে শুক্রবার বিকালে সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়।

‘এলাকার নিরীহ জনগণের’ ব্যানারে আয়োজিত সমাবেশে ছিলেন ‘দোগাইয়া চাঁদপুর দরবার শরীফের’ তত্ত্বাবধায়ক সৈয়দ মনজুর আলম পারভেজ, দোগাইয়া আশরাফিয়া ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আবুল বাশার হেলালী, দরবারের খাদেম আলী আজম সুজন, আহলে সুন্নাত ওয়াল জামাতের লাকসাম উপজেলা সভাপতি এম এ তাহের, সাধারণ সম্পাদক রবিউল হোসেন হেলালি, স্থানীয় গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ সদস্য মশিউর রহমান।

এর আগে মন্ত্রী তাজুল ইসলাম তার লোকজন দিয়ে প্রশাসনের সহযোগিতায় ওই মাদ্রাসার মাঠ দখল করছেন এমন অভিযোগ তোলেন তরিকতের নেতাকর্মীরা।

তারা মন্ত্রীর অপসারণ দাবি করে বৃহস্পতিবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে সমাবেশ করেন এবং সেখানে ঢাকা-চট্টগ্রাম মহাসড় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন।

মন্ত্রীর বিরুদ্ধে দখলের অভিযোগ তোলা ও তার অপসারণ দাবি করার প্রতিবাদ জানানো হয় ‘এলাকার নিরীহ জনগণের’ ব্যানারে আয়োজিত সমাবেশে।

ইউপি সদস্য মশিউর রহমান বলেন, “এলাকার মানুষ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। মন্ত্রী মহোদয়ের কাছে ক্ষমা না চাইলে তাকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না। তিনি তরিকতের লোকজনকে দিয়ে মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ওই কর্মসূচি পালন করিয়েছেন।”

ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আবুল বাশার হেলালী বলেন, “সরকার খাসজমিতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের জন্য গৃহনির্মাণ করছে। ভূমিহীনরা ঘর পাবে, এতে এলাকার মানুষ আনন্দিত।

“কিন্তু সৈয়দ রেজাউল হক মিথ্যা অভিযোগ তুলে এই কাজে বাধা দিচ্ছেন। এমনকি তিনি তার সংগঠনের লোকজন দিয়ে মন্ত্রী মো. তাজুল ইসলামের নাম জড়িয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি তার বিচার দাবি করছি।”

এ বিষয়ে সৈয়দ রেজাউল হকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

মন্ত্রী তাজুল কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। মনোহরগঞ্জে রয়েছে তার পৈতৃক বাড়ি।

আওয়ামী লীগের জোট শরিক দল তরিকতের মহাসচিব সৈয়দ রেজাউল হক দোগাইয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা।

মাদ্রাসার মাঠ দখলের জবাবে মন্ত্রী তাজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেখানে সরকারি জায়গায় সরকার আশ্রয়ণ প্রকল্প করছে। ওই প্রকল্প সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে নয়।

“বিষয়টির সঙ্গে আমি কোনোভাবেই জড়িত না। তার পরও আমার নাম কীভাবে আসছে, তা আমি বুঝতে পারছি না। কেউ এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করছে বলে আমার ধারণা।”

ইতোমধ্যেই বিষয়টির খোঁজ নিয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, “ইউএনও আমাকে জানিয়েছেন ওই প্রকল্পের জন্য তাদের (মাদ্রাসার) কোনো অসুবিধা হওয়ার কথা না।”

এটা রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশ্যপ্রণোদিত কর্মসূচি দাবি করে তিনি বলেন, “মূল বিষয় হলো এলাকায় আমার একটা ভালো অবস্থান আছে। বিষয়টার সঙ্গে তো আমি জড়িত না, আমার নাম কেন আসবে? তাহলে বোঝা যায় এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছে।”