সিরাজগঞ্জে যুবদল নেতা হত্যায় আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদল নেতা আলী আকবর খুনের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
হত্যাকাণ্ডের একদিন পর বৃহস্পতিবার মধ্যরাতে নিহতের স্ত্রী হাসি খাতুন বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে মামলাটি করেন বলে জানিয়েছেন বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা।
সয়দাবাদ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক আলী আকবরকে (৪৩) বুধবার সন্ধ্যার পর রান্ধুনীবাড়ি হাটখোলা এলাকায় দুর্বৃত্তরা খুব কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পেশায় ইট ও বালু ব্যবসায়ী আলী আকবর (৪৩) সয়দাবাদ ইউনিয়নের বড় সারটিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। এই হত্যাকাণ্ড নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগ চলছে।
ওসি গোলাম মোস্তফা শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই হত্যা মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়ছে। এ ছাড়া অজ্ঞাত পরিচয়ে আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন- সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নবীদুল ইসলাম (৪২), জেলা ছাত্রলীগের সহসম্পাদক ও মুলিবাড়ির বাসিন্দা মো. পথিক (৩৫), সয়দাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও মুলিবাড়ির বাসিন্দা রিগেন তালুকদার (৪০), সাংগঠনিক সম্পাদক ও মুলিবাড়ির বাসিন্দা স্বাধীন (৩০), ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড়সারটিয়া গ্রামের বাসিন্দা মফিজ মোল্লা (৩৮), ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও চরসারটিয়া গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিন (৩৬), মুলবাড়ি গ্রামের বাসিন্দা যুবলীগকর্মী সুজন (৩০) এবং পাশের রাজাপুর ইউনিয়নের মাইঝাইল মুন্সীবাড়ির বাসিন্দা লিটন (৪২)।
ওসি জানান, ‘রাজনৈতিক দ্বন্দ্বের’ কারণে আলী আকবরকে খুন করা হয়েছে বলে তার স্ত্রী মামলার এজাহারে উল্লেখ করেছেন। এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। তবে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আলী আকবর হত্যাকাণ্ডের পর বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সন্মেলন করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মদদে যুবদল নেতাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল শনিবার সারাদেশে যুবদলের বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।
এ ছাড়া একই দিন সকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকেও এক সংবাদ সন্মেলনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার দাবি করা হয়।
এরপর বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পাল্টা সংবাদ সন্মেলন করে রিজভীর বক্তব্যের প্রতিবাদ করা হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান বলেন, “রুহুল কবির রিজভী রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যাচার করেছেন। যুবদল নেতা আলী আকবর পরকীয়ার কারণে খুন হয়েছেন। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু তদন্তে প্রকৃত অপরাধী বেরিয়ে আসবে।”
রিজভী বক্তব্য প্রত্যাহার না করলে মামলার হুমকি দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।
