‘নবজাতককে বিক্রি করে হাসপাতালের বিল দিলেন’ চাঁদপুরের মা
চাঁদপুরে বেসরকারি হাসপাতালে সিজারিয়ান ডেলিভারির বিল পরিশোধ করতে ‘নবজাতক সন্তান’কে বিক্রি করতে বাধ্য হয়েছেন বলে এক মা জানিয়েছেন।
জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বারোআনি গ্রামের তামান্না বেগম জানান, গত ২৬ জানুয়ারি উপজেলার পালস-এইড জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন তিনি।
পরে সেখানে তার ছেলেসন্তানের জন্ম হয়।
তামান্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বামী টাকা জোগাড় করতে না পেরে মোবাইল ফোন বন্ধ করে উধাও হয়ে যায়। পরে আমার খালা তার জিনিসপত্র বন্দক রেখে পাঁচ হাজার টাকায় আমাকে হাসপাতালে ভর্তি করায়। সেখানে ৪০ হাজার টাকা পরিশোধ করতে আমি সন্তান বিক্রি করতে বাধ্য হই।”
তামান্না বলেন, “সিজারের পরপরই টাকা চাওয়া হয় আমাদের কাছে। আমি গরিব মানুষ। টাকা দিব কোথা থেকে? আরেকজন আমাকে বিনা মূল্যে রক্ত দিলেও হাসপাতাল রক্তের বিল নিয়েছে দুই হাজার টাকা। অপারেশনের খরচ, ওষুধপথ্য ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়।
“কারও কথায় আমি সন্তান দেইনি। তবে যখন হাসপাতালের বিল পরিশোধ করতে এবং নিজের চিকিৎসার খরচ বহন করতে পারছিলাম না তখনই সন্তান বিক্রি করার সিদ্ধান্ত নিই।“
এতে তিনি হাসপাতালের একজনের সহযোগিতা নিয়েছেন বলে জানান।
তামান্না বলেন, “এর আগে সন্তান বিক্রি করব কিনা জানতে চেয়ে কাউসার নামে একজন আমার সঙ্গে যোগাযোগ করলেও আমি তাতে রাজি হইনি। আমি জানি না আমার সন্তানকে আর পাব কিনা।
“কারণ তারা আমার কাছ থেকে স্ট্যাম্প করে রেখেছে, যেন এ সন্তান আমি আর কোনো দিন দাবি করতে না পারি। তার ওপর ৫০ হাজার টাকা আমার মত গরিব মানুষ কিভাবে তাদের দেবে? জানি না আমার সন্তান এখন কোথায় আছে বা কেমন আছে।”
তামান্না বেগমের মা সেফালী বেগম বলেন, “টাকার অভাবে আমার নাতিকে বিক্রি করতে হয়েছে। সন্তান হারিয়ে আমার মেয়েও এখন পাগলপ্রায়। আমরা গরিব মানুষ, এই টাকা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নেই। কেউ যদি আমাদের একটু দয়া করে, তবেই আমার মেয়ে তার সন্তান ফিরে পাবে।”
সন্তান বিক্রির পর তিনি হাসপাতাল ছেড়েছেন। বিক্রিত সন্তানকে ফিরে পেতে তিনি ক্রেতাকে টাকা ফেরত দেওয়ার জন্য সহায়তা চেয়েছেন।
হাসপাতালের মালিক প্রতিনিধি লিমন সরকার বলেন, “নবজাতককে বিক্রির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানে না। এ ঘটনার সঙ্গে হাসপাতালের কেউ জড়িত না।”
মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরিফুল হাসান খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
