সাভারের গোলাপ বাগানে ছত্রাক, ক্ষতির মুখে ফুলচাষি
ছত্রাকজনিত রোগে আক্রান্ত হয়েছে ঢাকার সাভার উপজেলায় অনেক ফুলক্ষেত; যাতে ক্ষতির মুখে পড়েছেন অনেক চাষি।
এই প্রেক্ষিতে রোগপ্রতিরোধ নিয়ে কৃষক ও কৃষি কর্মকর্তারা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
কৃষকদের দাবি কৃষি কর্মকর্তাদের জানিয়েও প্রতিকার পাচ্ছেন না তারা। আর কৃষি কর্মকর্তারা বলছেন, চাষিরা নির্দেশনা মানছেন না বলে ছত্রাকের সংক্রমণ ঠেকানো যাচ্ছে না।
সাভার উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহজাহান বলেন, “এ উপজেলায় প্রায় দুইশ হেক্টর জমিতে গোলাপ ও গ্লাডিওলাসসহ বিভিন্ন ফুলের চাষ হয়।
“এর মধ্যে ৪০ হেক্টর জমির গোলাপ গাছ ছত্রাকে আক্রান্ত হয়েছে। আরও ২০ হেক্টর আক্রান্ত হওয়ার পথে।”
ইতোমধ্যেই এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ থেকে ধারণা করা হচ্ছে, সম্প্রতি অতিরিক্ত বৃষ্টির কারণে ক্ষেতে পানি জমে গাছের গোড়া পচে যাচ্ছে। কোনো ওষুধই কাজ করছে না
“তাছাড়া চাষিদের আমরা যে নির্দেশনাগুলো দিচ্ছি, সেগুলো মেনে না চলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। পানি চলাচলের জন্য গাছের দুই সারির মধ্যে নালা করে দিতে হবে যাতে পানি আটকে না থাকে। ছত্রাকের জন্য রেডোমিল গোল্ডি এক লিটার পানিতে মিশিয়ে গাছের গেড়ায় ঢেলে দিতে হবে। কিন্তু পাতা শুকিয়ে যাচ্ছে ভেবে চাষিরা গাছে বেশি বেশি পানি দিচ্ছে। ফলে গোড়া পচে যাচ্ছে।”
‘অতিমাত্রায়’ শীতের কারণে এবার বাগানে ছত্রাক আক্রমণ করেছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদ।
তিনি বলেন, “একটু গরম পড়লেই ঠিক হয়ে যাবে।”
তবে চাষিদের বক্তব্য ভিন্ন। তারা ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তাদের ভাষ্য।
শ্যামপুর গ্রামের গোলাপ চাষি আব্দুল খালেক বলেন, “এক লাখ পাঁচ হাজার টাকা খরচ করে এক একর ২০ শতাংশ জমিতে চায়না গোলাপের চাষ করেছি। কিন্তু ছত্রাকে সব গাছ মরে যাচ্ছে।
কৃষি অফিস থেকেও রোগের প্রতিকার বিষয়ে সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সরেজমিনে বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামের ছোট কালিয়াকৈর, বাঘ্নীবাড়ী, মইস্তাপাড়া, কাকাবর, সামাইর, সাদুল্লাহপুর, শ্যামপুর, আকরাইন, বনগাঁসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, অনেক গাছের শাখা-প্রশাখা লালচে হয়ে গেছে; কালো হয়ে গেছে। কোথাও কোথাও গাছের পুরো অংশই কালো হয়ে গেছে। কলি আসলেও ফুল না ফুটেই ঝরে যাচ্ছে।
গত বছর এ সময় সব বাগানে গোলাপ ভর্তি ছিল। এবার অনেক বাগানে গোলাপের লক্ষণই দেখা যায়নি।
বাঘ্নীবাড়ী এলাকার চাষি আনোয়ার হোসেন বলেন, “তিন বিঘা জমিতে গোলাপের চাষ করেছি, কিন্তু পুরো ক্ষেতের ফুল ঝরে পড়েছে। আমার সব শেষ।
“ফুলে ছত্রাক লাগার পর আমরা প্রথমে উপজেলা কৃষি অফিসে গেলে তারা আমাদের তেমন সহযোগিতা করেনি। অজ্ঞাত এ রোগ থেকে বাগান রক্ষায় আমাদের দীর্ঘ দিনের কোনো অভিজ্ঞতাই কাজে আসছে না। বিভিন্ন ধরনের প্রতিষেধক ছিটিয়েও প্রতিকার না পাওয়ায় গোলাপের উৎপাদন ব্যাপক হারে কমছে।
তিনি বলেন, এত দিন গোলাপ চাষ করে ভালো মুনাফা হলেও এ বছর গাছগুলো মরে যাওয়ায় তাদের বিনিয়োগ ঝুঁকিতে পড়েছে।
ক্ষতি পুষিয়ে নিতে সহজ শর্তে সরকারের কাছে ঋণ দাবি করছেন আনোয়ার।
আরেক ফুল চাষি মজিবর রহমান বলেন, “সাভারের গোলাপ গ্রামের প্রায় সব ক্ষেতই ছত্রাকের কারণে নষ্ট হচ্ছে। ফলে দুশ্চিন্তায় সময় পার করছি আমরা।”
২০১৬ সালে একবার এসব বাগান ছত্রাকের কবলে পড়লেও তার প্রভাব বেশি হয়নি। এবারের অবস্থাকে মহামারীরূপে দেখছেন সাভারের কুমারখোদা ফুলচাষি বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৮৩ সাল থেকে সাভারে গোলাপের চাষ হচ্ছে। বর্তমানে এক হাজারের বেশি ফুলচাষি রয়েছেন। তাদের মধ্যে সমিতির নিবন্ধিত চাষি সাড়ে ছয় শতাধিক।
আমজাদ হোসেন বলেন, ”ছত্রাকে ফুলক্ষেত নষ্ট হওয়ায় প্রত্যেক চাষির পরিবারে হাহাকার শুরু হয়েছে। ক্ষেত করতে গিয়ে প্রত্যেক কৃষক ঋণগ্রস্ত হয়েছেন। ছত্রাক এবার মহামারীর আকার ধারণ করেছে।”
“এই ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের সহযোগিতা প্রয়োজন। অন্যথায় কোনো চাষিই আর ঘুরে দাঁড়াতে পারবেন না,” বলেন তিনি।
