আলফাডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগে রাজাকারপুত্র, আপত্তি মুক্তিযোদ্ধাদের
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে এক রাজাকারপুত্রকে পদ দেওয়ায় আপত্তি তুলেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ সংশ্লিষ্টরা।
গত ৫ ডিসেম্বর এক চিঠিতে হারিচুর রহমানকে (সোহান) আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের পদ দেওয়ার কথা জানানো হয়।
এর পরিপ্রেক্ষিতে স্থানীয় তিনজন বীর মুক্তিযোদ্ধা এবং এক ইউনিয়ন যুবলীগ নেতা এক চিঠিতে তাদের আপত্তির কথা জানান।
হারিচুর রহমানের (সোহান) বাবা আবদুর রহমান ইউনিয়ন শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন বলে তারা চিঠিতে উল্লেখ করেন।
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লেখা এই চিঠিতে স্বাক্ষর করেন বীর মুক্তিযোদ্ধা (যুদ্ধকালীন কমান্ডার) হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বহির খান, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান এবং গোপালপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মোস্তাফিজ।
চিঠিতে তারা অভিযোগ করেন, আলফাডাঙ্গা উপজেলায় পাক বাহিনীর সহযোগী ছিলেন কামারগ্রামের আবদুর রহমান। সরকারের গেজেটে রাজাকার হিসেবে আবদুর রহমানের নাম আছে।
পুলিশের বিশেষ শাখার গোপন প্রতিবেদনেও মুক্তিযুদ্ধের সময় আবদুর রহমান পাক বাহিনীর সহযোগী শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন বলে তাদের চিঠিতে উল্লেখ করেন।
মুক্তিযুদ্ধের বিপক্ষে সক্রিয়ভাবে অংশ নেওয়ায় বঙ্গবন্ধু সরকার আবদুর রহমানকে গ্রেপ্তার করে এবং ১৯৭৫ সাল পর্যন্ত তিনি কারাগারে ছিলেন তিনি বলেও তাদের ভাষ্য।
চিঠিতে তারা অভিযোগ করেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগে পদ পাওয়া হারিচুর রহমান (সোহান) ছাত্রজীবনে কোনোদিন ছাত্রলীগের রাজনীতি করেননি। আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো সভা-সমাবেশেও অতীতে দেখা যায়নি তাকে। বরং ছাত্রদলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আছে তার বিরুদ্ধে।
জাহিদ আরও বলেন, “জেলা কমিটির অনুমোদন ছাড়া উপজেলায় কাউকে পদ-পদবী দেওয়ার সুযোগ নেই। কারণ আমরা কোনো অনুমোদন দিইনি।“
আলফাডাঙ্গা উপজেলা কমিটি অনেক আগেই মেয়াদোত্তীর্ণ উল্লেখ করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন বলেন, “করোনার কারণে এখন কাউন্সিল করতে পারছি না। তা না হলে অনেক আগেই কাউন্সিল করে নতুন কমিটি করা হতো।“
রবিন বলেন, “কোনো স্বাধীনতা বিরোধীরপুত্র স্বেচ্ছাসেবক লীগের আসতে পারবে না। আমরা তদন্ত করব। আমিও অভিযোগ পেয়েছি। এখন তদন্ত করে দেখব। সত্যতা পেলে যারা এ কাজ করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।“
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলার স্বেচ্ছাসেবক লীগে সভাপতি এনায়েত হোসেন বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। তবে যেহেতু কথা উঠেছে সেক্ষেত্রে বিষয়টি তদন্ত করে জেলা ও কেন্দ্রের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।“
