গাজীপুরে ডাকাত সন্দেহে ৫ জন গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ডাকাত দলের সদস্য সন্দেহে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় ‘ডাকাতির প্রস্তুতি’ নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন শরীয়তপুরের শাহীন মোল্লা (২২), ঠাকুরগাঁওয়ের রাহিম হোসেন (২০) ও রায়হান মিয়া (২১), গাজীপুরের মেহেদী হাসান (২২) ও সিলেটের রাব্বি আহমেদ (১৯)।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে তারা ঢাকা-টাঙ্গাইল ও চন্দ্রা-নবীনগর মহাসড়কের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।
“বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পশ্চিম চন্দ্রা এলাকায় ১০ থেকে ১২ জন ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে গেপ্তার করে। বাকিরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।”
ওসি জানান, তাদের কাছ থেকে দুটি ইস্পাতের ‘সুইচ’ চাকু, একটি ছোট রাম দা, একটি লোহার রড ও লাঠি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছে।
