২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে একজনকে ‘জমির বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা

শরীয়তপুরের ভেদরগঞ্জ ‍উপজেলায় ‘জমির বিরোধের জেরে’ এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2022, 08:38 PM

Updated : 02 Aug 2022, 02:36 PM

উপজেলার ডিএমখালী হাওলাদারকান্দি গ্রামে রোববার দুপুরের দিকে তাকে হত্যা করা হয় বলে সখিপুর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার জানান।

নিহত মিন্টু মাঝি (৩৫) ওই গ্রামের আমান উল্লাহ মাঝির ছেলে।

মিন্টুর বোন তাসলিমা বলেন, জমি নিয়ে প্রতিবেশী সুমন হাওলাদারের সঙ্গে মিন্টুর বিরোধ চলছিল। এর জেরে পূর্বপরিকল্পিতভাবে সুমন হাওলাদারসহ প্রায় ১০ জন লোক মিন্টুর বাড়ির টিনের সীমানাপ্রাচীর ভাঙতে শুরু করেন।

“বাধা দিতে গেলে তারা শাবল ও লোহার রড দিয়ে মিন্টু, ভাই রশিদসহ আমাকে পিটিয়ে গুরুতর আহত করে।”

হাসপাতালে নেওয়ার পথে মিন্টুর মৃত্যু হয় বলে তিনি জানান।

সুমন হাওলাদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ওসি আসাদুজ্জামান বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।