কক্সবাজারে সৈকত পরিষ্কারে আরএফএলের কর্মকর্তা-কর্মচারীরা
‘পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জনসচেতনতা তৈরির লক্ষ্যে’ কক্সবাজারে সমুদ্রসৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নিয়েছেন শিল্প প্রতিষ্ঠান আরএফএলের কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার সকালে সৈকতের সি-গাল পয়েন্ট থেকে কলাতলি পর্যন্ত তারা পূর্বপরিকল্পিত এই কর্মসূচি পালন করেন। সৈকতের সুগন্ধা পয়েন্টে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, “দেশের শীর্থস্থানীয় শিল্পগ্রুপ হিসেবে আরএফএলের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের মাঝে সচেতনতা তৈরিতে বছরজুড়ে এই শিল্পগ্রুপ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এরই অংশ হিসেবে এবার বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে এই কর্মসূচি।
তাদের পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী এর কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে তিনি জানান।
কক্সবাজার পর্যটন পুলিশের সহকারী সুপার মিজানুর রহমান, টেল প্লাস্টিকসের নির্বাহী পরিচালক কামরুল হাসান ও হেড অব মার্কেটিং ফাহিম হোসেন, প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ বিভাগের ডেপুটি ম্যানেজার হুমায়ুন আহমেদ বিলাসসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন।
