‘বাগানজুড়ে কমলা আর কমলা, মনোমুগ্ধকর পরিবেশ’
কমলার বাগান গড়ে নজর কেড়েছেন ঠাকুরগাঁওয়ের জুয়েল। দূর-দূরান্ত থেকে বাগান দেখতে এসে উচ্ছ্বসিত হচ্ছেন অনেকে।
জেলায় হাজারের বেশি কমলার বাগান থাকলেও দার্জিলিং জাতের বাগান করে ‘সফল হয়েছেন’ জুয়েলই। তার পুরো নাম আবু জাহিদ ইবনুল ইরাম জুয়েল। জেলার পীরগঞ্জ উপজেলার মালঞ্চা গ্রামের তার বাগানে রয়েছে ‘৩০০ গাছ’, যার প্রতিটিতে ধরেছে ‘আটশ থেকে নয়শ করে’ কমলা।
জুয়েল বলেন, প্রায় ১০ বছর আগে সরকারি হর্টিকালচার সেন্টার থেকে কয়েকটি চারা কিনে রোপণ করেন তিনি। প্রায় দুই বছরের মধ্যে আশানুরূপ ফলন হওয়ায় বাগানের পরিধি বাড়াতে থাকেন।
বাগানের খবর ছড়িয়ে পড়লে সম্প্রতি পরিদর্শনে গিয়ে গেছে, বাগানের প্রবেশপথে একটি সাইনবোর্ড লাগানো হয়েছে, যাতে লেখা রয়েছে ‘আমার দেশের মাটি, খাঁটি সোনার চাইতে খাঁটি’। আর বাগানের সব গাছে ঝুলছে থোকায় থোকায় হলুদ কমলা।
এই কমলা মিষ্টি ও সুস্বাদু। বাজারে এর দামও বেশি।
জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাগানেই প্রতি কেজি কমলা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়। কমলা কিনতে আসছেন দূর-দূরান্তের ব্যবসায়ীরা। স্থানীয় চাহিদা মিটিয়ে এই কমলা যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়।”
জুয়েল বলেন, “বাগানের বয়স ১০ বছর হলেও তিন বছর হলো ভালো ফলন আসছে। এবার প্রচুর পরিমাণে ফল ধরেছে। আশা করছি এবার ১০ হাজার মেট্রিকটন কমলা উৎপাদিত হবে।”
অনেকেই তার কাছ থেকে চারা সংগ্রহ করছেন জানিয়ে তিনি বলেন, “আবার অনেকে পরামর্শ নিচ্ছেন। আমার মত করে যদি অন্য কৃষকরা কমলা বাগান করেন তাহলে কৃষিতে একটি বিপ্লব ঘটার সম্ভাবনা রয়েছে।”
এই বাগানে শুরু থেকে কাজ করেন নরেন মোহন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম যখন চারা রোপণ করা হয় তখন থেকেই আমি এখানে কাজ করছি। এখন বাগানে ১০ জনের মত মানুষ কাজ করছে। আর গাছ থেকে কমলা পাড়ার কাজ করছে চারজন।”
ঠাকুরগাঁও শহর থেকে এসেছিলেন সাইফুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “লোকমুখে শুনে খুব আগ্রহ নিয়ে দেখতে এসেছি। দেখে সত্যিই অনেক ভালো লেগেছে। চারদিকে হলুদ রঙের কমলা দেখে মনে হচ্ছে আমি দার্জিলিংয়ে এসেছি। এমন বাগান আমাদের দেশের কৃষকরা করলে তারা যেমন লাভবান হবেন, ঠিক তেমনি দেশে ভিটামিন সি-এর চাহিদা পূরণ হবে।“
নাসরিন বলেন, “ফেইসবুকে ছবি দেখেছি যে পীরগঞ্জে দার্জিলিং জাতের বাগান হয়েছে। বাস্তবে সেই বাগান দেখার জন্যই দুই বাচ্চা, স্বামীসহ এসেছি। বাগানজুড়ে শুধু কমলা আর কমলা। সত্যিই মনোমুগ্ধকর একটা পরিবেশ। আমরা অনেক খুশি এখানে এসে।”
ভারতের দার্জিলিংয়ের কাছে হলেও ঠাকুরগাঁওয়ে কমলার চাষ সাম্প্রতিক।
আবু হোসেন বলেন, কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন তারা যেন অন্যান্য ফসলের পাশাপাশি কমলার বাগান গড়ে তোলেন। সেজন্য কৃষি কর্মকর্তা মাঠপর্যায়ে কাজ করছেন।
