২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্য আমদানি: ঘোষণা ক্যাপসিকাম, কার্টনে শাড়ি-মাদক

মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে আনা পণ্যের কার্টনে বিপুল পরিমাণ শাড়ি, থ্রি-পিচ, মাদক ও ওষুধ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2021, 10:49 PM

Updated : 02 Aug 2022, 06:44 PM

গোয়েন্দা সংবাদ পেয়ে রোববার বেনাপোল শুল্কভবনের কর্মকর্তারা ঘোষণা বহির্ভূত এসব পণ্য উদ্ধার করেন। 

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সহকারী পরিচালক মো. ফরহাদ হোসেন বলেন, বিকালে বেনাপোল স্থলবন্দরের ৩১ নম্বর কাঁচামালের ইয়ার্ড থেকে ভারতীয় একটি ট্রাক থেকে ‘ক্যাপসিকামের’ একটি চালান আটক করা হয়। 

“ভারত থেকে আসা ক্যাপসিকামের এই চালানের মধ্যে পাওয়া যায় শাড়ি, থ্রি-পিচ, শিশা (মাদক)।” 

তবে কী পরিমাণ ঘোষনা বহির্ভভূত পণ্য পাওয়া গেছে এবং কত টাকা শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিমাপ করা যায়নি। 

শুল্ক কর্তৃপক্ষ জানায়, ক্যাপসিকামের আমদানিকারক যশোরের 'সিয়াম এন্টারপ্রাইজ'। পণ্যটির রপ্তানিকারক ভারতের বনগাঁও শহরের 'মন্ডল ইন্টারন্যাশনাল'।

আমদানিকৃত ৫৪৪ প্যাকেট পণ্যের গ্রস ওজন ৫৭৩৯ কেজি এবং নিট ওজন ৪৯২৭ কেজি। পণ্যচালানটির ছাড়করণের দায়িত্বে ছিল সিএন্ডএফ এজেন্ট বেনাপোলের 'স্বদেশ ট্রেড ইন্টারন্যাশনাল'।

এ ব্যাপারে স্বদেশ ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সোলায়মান হোসেন বলেন, “আমি শুনেছি ক্যাপসিকামের চালানে কিছু অবৈধ পণ্য পাওয়া গেছে। আমি নিজে ব্যবসা করি না। আমার লাইসেন্সে ফিরোজ হোসেন নামে একজন কাজ করেন। আমি তার কাছ থেকে কোনো অর্থও গ্রহণ করি না।” 

বেনাপোল শুল্কভবনের যুগ্ম-কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, ভারত থেকে আমদানিকৃত ১৭৫টি ক্যাপসিকামের কার্টন থেকে ঘোষণা বহির্ভূত বিপুল পরিমাণ শাড়ি, থ্রি-পিস, মাদক ও ওষুধ উদ্ধার করা হয়েছে। ট্রাক থেকে পণ্য আনলোড করা হয়েছে। তবে এখনও গণনা করা হয়নি।

“আমরা গণন্ করে বিস্তারিত পরে জানাব। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”