লৌহজংয়ে শিশুর বস্তাবন্দি লাশ, পুলিশের ধারণা ‘ধর্ষণ’
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় এক স্কুলছাত্রী শিশুর বস্তাবন্দি লাশ পাওয়া গেছে, যাকে ‘ধর্ষণ’ ও ‘হত্যা’ করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
বৃহস্পতিবার বিকালে কনকসার ইউনিয়নের কাহেতারা এলাকায় একটি পুকুরে দশ বছর বয়সী এই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মেয়েটি স্থানীয় সরকারি কাহেতারা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ময়নার বাড়ির পাশের পরিত্যক্ত একটি পুকুরের পাড়ে সাদা বস্তা পড়ে ছিল। কুকুর বস্তাটি টানাটানি করছিল। সেখানে গিয়ে বস্তার মুখ খুলতেই মেয়েটির লাশ পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নিহত শিশুর বাবা সাংবাদিকদের বলেন, “বুধবার দুপুর থেকে আমার মেয়ে নিখোঁজ ছিল। সম্ভাব্য সকল জায়গায় আমরা খোঁজাখুঁজি করি। গ্রামের প্রতিটা মসজিদে মাইকিং করি।কোথাও খুঁজে পাইনি।”
লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরিবার জানিয়েছে শিশুটি বুধবার থেকে নিখোঁজ ছিল। শিশুটির গলায় চেপে ধরার দাগ দেখা গেছে।
“প্রাথমিকভাবে শিশুটি পাশবিক নির্যাতনের শিকার হয়েছে বলে ধারণা করছি।”
তবে প্রকৃত ঘটনা মরদেহ ময়নাতদন্ত শেষে ও তদন্ত সাপেক্ষে বলা যাবে; এবং তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
