২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2021, 06:27 PM

Updated : 08 Apr 2022, 12:00 AM

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম সোমবার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত শাহিনুল ইসলাম (৩০) জেলার মিরপুর উপজেলার নওদা খাড়ারা গ্রামের শাজাহান মালিথার ছেলে।

রায়ের সময় আসামি আদালতের কাঠগড়ায় ছিলেন।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী মামলার নথির বরাতে জানান, ২০১৪ সালের ১০ মার্চ নওদা খাড়ারা এলাকায় জমির বিরোধের জেরে ঘুমন্ত চম্পা খাতুনের শরীরে ও বসত ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী শাহিনুল।

ঘটনা ধামাচাপা দিতে স্ত্রীকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করান তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হলেও শাহিনুলের পরিবার থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। চার দিন পর মারা যান চম্পা।

এ ঘটনায় নিহতের চাচা শাহাদত বাদী হয়ে শাহিনুলের বিরুদ্ধে মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৬ সালের জানুয়ারিতে ওই থানার পরিদর্শক আখতারুজ্জামান আদালতে অভিযোগপত্র দেন।

পিপি বলেন, শাহিনুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে আদালত এ রায় দিয়েছে।