গাজীপুরে ‘গাড়িচাপায়’ ছাত্রলীগ নেতা নিহত
গাজীপুরের পূবাইলে অজ্ঞাতপরিচয় গাড়িচাপায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত সাইদুল ইসলাম সরকার সৌরভ (১৯) জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়ন ছাত্রীলীগের উপ-প্রচার সম্পাদক। পূবাইল সেন্ট্রাল কলেজের এইচএসসি পরীক্ষার্থী সৌরভ ইউনিয়নের টিউরি সরকারবাড়ির সোহেল সরকারের ছেলে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূবাইল কলেজ গেইট এলাকায় টঙ্গী-ঘোড়াশাল সড়কে সৌরভ নিহত হন বলে পূবাইল থানার এসআই রাশেদুর রহমান জানান।
এসআই স্বজনদের বরাতে বলেন, সৌরভ বাড়ি থেকে মটরসাইকেলে পূবাইলের বাসুগাঁও এলাকায় তার মামার বাড়ি যাচ্ছিলেন। মামাবাড়ি থেকে পরদিন তার পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু মামার বাড়ি যাওয়ার পথে তার মৃত্যু হয়।
“আলামত দেখে মনে হয়েছে একটি গাড়ি তাকে চাপা দেওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
স্থানীয়রা কোনো গাড়ির নাম বলতে পারেনি বলে তিনি জানান।
