গাজীপুরে শিশু সাংবাদিকতায় ২ দিনের প্রশিক্ষণ কর্মশালা
গাজীপুরে শিশু সাংবাদিকতায় দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
গাজীপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে শুক্রবার সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলার ডিসি এসএম তরিকুল ইসলাম।
তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, “শিশুরাই আগামী দিনে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। আমাদের প্রজন্ম এখন অনেক উপরে উঠে যাচ্ছে। মেধাবীরা যদি সাংবাদিকায় আসে তাহলে দেশ ও জাতি উপকৃত হবে, প্রকৃত তথ্য উঠে আসবে।”
সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্ব দিয়ে তিনি বলেন, “সত্যনিষ্ঠ সংবাদে আমরা সকলে উপকৃত হব। ওই সংবাদ থেকে সরকারও নীতিগত সিদ্ধান্ত নিতে পারবে।
“তোমরা কেউ মিথ্যার আশ্রয় নেবে না। খারাপ কাজে যাবে না। অনেকে মিথ্যা সংবাদ পরিবেশন করে সমাজকে কলুষিত করে। এটা কারও কাম্য নয়। সাংবাদিতার ইথিকস হতে হবে মিথ্যা তথ্য পরিবেশন না করা। তোমরা নিজেদের সবকিছুর ঊর্ধ্বে রাখবে।“
ডিসি শিশুদের সচেতনতা করার এই প্রশিক্ষণ-উদ্যোগ নেয়ার জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ধ্যন্যবাদ জানান।
কর্মশালায় ১৯ জন শিশু-কিশোর অংশ নিচ্ছে, যারা সবাই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। প্রশিক্ষণ দিচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহকারী প্রযোজক (মাল্টিমিডিয়া) ইশরাত জাহান মনিকা, গাজীপুর প্রতিনিধি আবুল হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আমজাদ হোসেন, গাজীপুর আদালতের সাবেক এপিপি ও দৈনিক যোগফল পত্রিকার সম্পাদক মো. আসাদ উল্লাহ বাদল।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত এই কর্মশালায় সহযোগিতা করেছে ইউনিসেফ।
