কুমিল্লায় স্ত্রীসহ পল্লী চিকিৎসককে হত্যা
কুমিল্লায় এক পল্লী চিকিৎসক ও তার স্ত্রীকে ‘শ্বাস রোধ করে’ হত্যা করা হয়েছে।
নিহত বিল্লাল হোসেন (৭৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৬) সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর এলাকায় বাসিন্দা।
রোববার রাত ১২টার দিকে তাদের হত্যা করা হয় কোতোয়ালি থানার পরিদর্শক কমলকৃষ্ণ ধর জানান।
তিনি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, “রাতে বৃষ্টির সময় সাত-আটজন লোক তাদের ঘরে ঢুকে হাত-পা বেঁধে ফেলে। তারা স্ট্যাম্পসহ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্রের খোঁজ করে। সেগুলো না দেওয়ায় তাদের শ্বাস রোধে করে পালিয়ে যায় খুনিরা।”
পুলিশ খুনির পরিচয় শনাক্ত করতে পারেনি।
পরিদর্শক বলেন, তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে খুনির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
পাঁচথুবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। পিবিআই ও সিআইডি দল ঘটনা তদন্ত করেছে বলে জানান চেয়ারম্যান।
