২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যুর দায় নিতে নারাজ পল্লী বিদ্যুৎ

নেত্রকোণায় বাঁশের সাথে তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যুর দায় নিতে চাচ্ছে না পল্লীবিদ্যুৎ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2021, 06:33 PM

Updated : 10 Oct 2022, 06:13 PM

সোমবার দুপুর সোয়া ২টার দিকে দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের পাইকুড়া গ্রামে এ মৃত্যু ঘটে।

নিহত কিতাব আলী (৭০) পাইকুড়া গ্রামের মাহমুদ আলীর ছেলে।

দুর্গাপুর থানার ওসি শাহনুর-এ আলম জানান, গরুকে খাওয়ানোর জন্য বাঁশ পাতা কাটতে কিতাব আলী তার বাড়ির পেছনের বাঁশঝাড়ে যান। বাঁশ পাতা কাটার এক পর্যায়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি ।

তিনি আরও বলেন, “বাঁশ ঝাড়ের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারের সাথে লেগে কাচা বাঁশ বিদ্যুতায়িত হয়। এ বাঁশের সংস্পর্শে কৃষক কিতাব আলী মারা যান।”

তিনি আরও জানান, লাশ এখনও তার বাড়িতেই রাখা আছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিতাব আলীর ছেলে ঢাকা থেকে এসে এ ব্যাপারে অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, এ মৃত্যুতে গ্রামবাসী পল্লীবিদ্যুতের গাফিলতি দেখছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও পাইকুড়া গ্রামের বাসিন্দা মিরাশ উদ্দিন বলেন, পল্লী বিদ্যুতের গাফিলতিতেই বাঁশের সাথে লেগে থাকা পল্লীবিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে মারা যান কিতাব আলী।

তবে পল্লী বিদ্যুতের দুর্গাপুর আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম দেলোয়ার হোসেন তাদের গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি জানান, ঘটনা শোনার পরপর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে ঘটনাস্থলে তিনজন কর্মকর্তাকে পাঠানো হয়।

“সেখানে কৃষক কিতাব আলী বাঁশপাতা কাটতে যাননি। তিনি কেটেছেন বাঁশ। ঝাড় থেকে অন্তত ১০ ফুট দূরত্বে থাকা লাইনের ওপর গিয়ে ঝাড়ের কাটা বাঁশ পড়ে। এ সময় কাচা বাঁশটি বিদ্যুতায়িত হয়। এ বাঁশ কিতাব আলী হাত দিয়ে টান দিলে তিনি বিদ্যুতায়িত হয়ে মারা যান।”