২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় পিকআপের সঙ্গে সংঘর্ষে এসআই নিহত

নেত্রকোণায় পিকআপের সঙ্গে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক এসআই নিহত হয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2021, 01:03 PM

Updated : 07 Apr 2022, 11:33 PM

নিহত হাবিবুর রহমান জেলার বারহাট্রা থানায় দায়িত্বে ছিলেন। নেত্রকোণা পৌরশহরের নাগঢ়া এলাকায় থাকতেন তিনি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ঠাকুরাকোণার সতরশ্রী এলাকায় নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কে দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে নেত্রকোণা  থানার পরিদর্শক সোহেল মাহমুদ জানান।

তিনি বলেন, এসআই হাবিবুর জেলা শহর থেকে মটরসাইকেলে করে কর্মস্থল বারহাট্রায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা নেত্রকোণাগামী পিকআপের সঙ্গে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাবিবুর আহত হন।

স্থানীয়দের কাছে খবর পেয়ে নেত্রকোণা থানার পুলিশ গিয়ে তাকে নেত্রকোণা সদর হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান বলে জানান পরিদর্শক সোহেল মাহমুদ।