২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ইমামসহ দুইজন নিহত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক মসজিদের ইমামসহ দুইজনের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2021, 09:24 PM

Updated : 02 Aug 2022, 05:42 PM

বুধবার দুপুর পৌনে ২টার দিকে কালীগঞ্জ-জাঙ্গালিয়া সড়কের পৈলানপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক সোহেল চৌধুরী (৩০) কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও গ্রামের আশু নেওয়াজের ছেলে। তিনি বক্তারপুর ছোট দেওলিয়া জামে মসজিদের ইমাম। অপরজন, নূর ইসলাম (৩৫) জামালপুরের ইসলামপুর উপজেলার ঝিকাতলা গ্রামের আকাব আলী শেখের ছেলে। তিনি ধান কাটা শ্রমিক ছিলেন।

এ ঘটনা জানিয়ে কালীগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমান বলেন, “আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়না তদন্তে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রিপন কাজী জানান, বুধবার দুপুরে ধানকাটা শ্রমিক নূর ইসলাম স্থানীয় বিল থেকে ধান কেটে বোঝা মাথায় নিয়ে কৃষকের বাড়ি ফিরছিলেন।

পথে পৈলানপুর বটতলা এলাকায় কালীগঞ্জগামী মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। এতে শ্রমিক নূর ইসলাম এবং মোটরসাইকেলের চালক সোহেল সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।

এলাকাবাসী তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নূর ইসলামকে মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেল চালক সোহেলকে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা নেওয়ার পথে সোহেলেরও মৃত্যু হয় বলেন তিনি।