ঝিনাইদহে মাদকের মামলায় একজনের যাবজ্জীবন
নয় বছর আগের এক মাদকের মামলায় ঝিনাইদহে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
ঝিনাইদহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এম জি আযম রোববার আসামির অনুপস্থিতিতে এই রায় দেন।
রায়ে তাকে আওর পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়, যা অনাদায়ে তাকে আরও পাঁচ মাস কারাভোগ করতে হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আব্দুল খালেক বলেন, ২০১১ সালের ২৩ অগাস্ট ঈদুল ফিতর উপলক্ষে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাস্ট্যান্ড এলাকায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এই সময় এই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ তাকে আটক করে। এরপর তার কাছে থাকা একটি ব্যাগে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়।
ওইদিনই থানায় সিদ্দিক মৃধার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন এস আই ইব্রাহিম শেখ।
